২০১৭ সালের মধ্যে পদ্মা সেতুর কাজ শেষ হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি জানান, চলতি বছরের জুন মাসে এর কাজ শুরু হবে।
শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘নিটল-নিলয় ঢাকা মোটর প্রদর্শনী-২০১৪’এর উদ্বোধনকালে তিনি এসব কথা জানান।
তিনি বলেন, এরইমধ্যে কার্যাদেশ দেয়া হয়ে গেছে। ভূমি অধিগ্রহণসহ অন্যান্য খাতে ৪০ শতাংশ কাজ শেষ হয়েছে। ১ হাজার ৬শ কোটি টাকার কাজ শুরু হয়েছে।
জুন মাসে এলিভেটেড এক্সপ্রেসের কাজও শুরু হবে জানিয়ে মন্ত্রী বলেন,ঢাকা শহরকে যানজটমুক্ত করতে মেট্রোরেলের নির্মাণ কাজ দ্রুত শুরু হতে যাচ্ছে। জাইকার সাথে ২২ হাজার কোটি টাকার চুক্তি সম্পন্ন হয়েছে।
তিনি জানান, রাজধানী ঢাকাতে ৫০০ ও চট্টগ্রামে ১৫০টি পরিবেশবান্ধব আধুনিক ট্যাক্সিক্যাব আনা হচ্ছে।
মোটর শো’তে ৩৫০টিরও বেশি স্টলে দেশি-বিদেশি নির্মাতা ও সরবরাহকারী অংশগ্রহণ করছেন। সেমস গ্লোবাল কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটিড, আমেরিকা, বাংলাদেশের সহযোগিতায় এর আয়োজন করা হয়।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউবিডি.কম) // জেএ[/b]