রাঙামাটি জেলা সড়ক ও নৌ পরিবহণ মালিক শ্রমিক ঐক্য পরিষদের ২ দিনের ডাকা অবরোধ চলছে। তারা আজ  বুধবার  ও বৃহস্পতিবার দুই দিন রাঙামাটিতে সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেছিল।  রাঙামাটি শহরের রিজার্ভবাজার এলাকা থেকে অপহৃত দুই লঞ্চ শ্রমিককে উদ্ধারে প্রশাসনিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় এই অবরোধ।
সংগঠনটির পক্ষ থেকে মঙ্গলবার সন্ধ্যায় আহ্বায়ক হাজী মনসুর আহম্মেদ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ওই দুই শ্রমিককে মুক্তি দেওয়া না হলে আরো কঠোর কর্মসূচি ও লাগাতার অবরোধ কর্মসূচি দেওয়া হবে।
এদিকে অবরোধের সমর্থনে রাতে শহরের রিজার্ভবাজারে বিক্ষোভ মিছিল করেছে লঞ্চ শ্রমিকরা। শহরের রিজার্ভবাজার লঞ্চঘাট থেকে শুরু হয়ে মিছিলটি পুরাতন বাস স্টেশনে গিয়ে শেষ হয়।
প্রসঙ্গত, গত মঙ্গলবার ২৫ মার্চ রাত ৮ টায় শহরের রিজার্ভবাজার এলাকা থেকে লঞ্চ মালিক সমিতির নেতা মঈনুদ্দিন সেলিম এর মালিকানাধীন এমএল শফি লঞ্চের দুই কর্মচারি কাশেম ও জসীমকে সশস্ত্র দুর্বৃত্তরা অপহরণ করে বলে দাবি করে আসছে সংগঠনটি।
রাঙামাটি মালিক শ্রমিক ঐক্য পরিষদের সহসভাপতি ও রাঙামাটি বাস মালিক সমিতির সভাপতি মঈনুদ্দিন সেলিম বলেছেন, ‘আমরা প্রশাসনের দিকে চেয়েছিলাম, কিন্তু তারা গত এক সপ্তাহেও আমাদের দুই শ্রমিক উদ্ধার না করতে পারায় আমরা অবরোধ দিতে বাধ্য হয়েছি। তবে এইচএসসি পরীক্ষার বিষয়টি বিবেচনা করে আমরা বুধবার অবরোধ শেষে বৃহস্পতিবারের ব্যাপারে সিদ্ধান্ত নিব।’
রাঙামাটির জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল জানিয়েছেন, অপহৃতদের উদ্ধারে সেনাবাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রচেষ্টা অব্যাহত আছে। তবে এইচএসসি পরীক্ষার আগে এইভাবে অবরোধ দেওয়ার কোনো মানে হয় না।
[b]রাঙামাটি, ২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এসএইচ[/b]