ঢাকাসহ আশপাশের কয়েকটি এলাকায় চলছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। অফিস মুখী চলাচল করা মানুষের শরিরে বিলিয়ে দিচ্ছে হালকা শীতের মিষ্টি পরশ। শনিবার দিনগত রাতে ধারণ করা আবহাওয়া অধিদপ্তরের সবশেষ রেকর্ড অনুযায়ী রংপুর, রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগে হালকা মেঘ পরিলক্ষিত হচ্ছে। এসব মেঘের প্রভাবে বিভাগ গুলোতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
পাল্টে গেলো প্রকৃতি। প্রকৃতির আপন চলনে দু’দিন আগে এসেছে ঋতুরাজ বসন্ত। শিমুল-পলাশ-রাধাচূড়ার রক্তআগুনে উছলে পড়েছে ফাগুন। শাখে শাখে পাখির ডাক কচি পাতার আড়াল ভেঙে।
শনিবার বিকেল থেকে উত্তরী হাওয়া জানান দিচ্ছিল বিদায়ী শীতের। দিনটা ছিল মেঘলা। সন্ধ্যা পেরুতেই টুপটাপ বৃষ্টি নামে শীতে অনেকটা রুক্ষ হয়ে যাওয়া ঢাকার উঠোনে। বসন্তের প্রথম বৃষ্টি। যদিও উত্তরবঙ্গের রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নাটোরসহ কয়েকটি জেলায় বৃষ্টি এবং হিম বাতাস বইছে শুক্রবার রাত থেকেই।
শনিবার দিনগত রাতে শ্রাবণের মতো মাঝে মধ্যে ছেদ পড়লেও শেষ রাত পর্যন্ত অঝরে ঝরেছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ঢাকার রাজপথ স্নাত শীতল জলে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ফেব্রুয়ারি মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বিদ্যমান মৃদু শৈত্য প্রবাহ (০৮ থেকে ১০০ সে.) ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
মাসের প্রথমার্ধে দেশের নদ-নদীর অববাহিকা ও অন্যত্র সকালের দিকে  হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা এবং মাসের শেষের দিকে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে কয়েকদিন বজ্রঝড়সহ বৃষ্টিপাতেরও আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।
দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে।
অন্য বিভাগগুলো মেঘমুক্ত থাকলেও রোববার সারাদেশের আকাশ আংশিক মেঘলাসহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
[b]ঢাকা, ১৬ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]