বাংলাদেশ ব্যাংকের গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান বলেছেন, নির্বাচনের সময় সরকার জনগণের কাছে যে অঙ্গীকার দিয়েছে তার প্রতিফলন ঘটবে জাতীয় বাজেটে। বাজেটের মাধ্যমেই সরকার তার শ্রেষ্ঠত্বের প্রমাণ দিবে।
বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে “সেন্টার অন বাজেট এন্ড পলিসি”এর উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তার রচিত “ইনক্লুসিভ ফাইন্যান্স এন্ড  সাবটেইনেবল ডেভেলপমেন্ট” শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, বাজেট নিয়ে আলাপ-আলোচনা ও সমালোচনার সুযোগ সৃষ্টি করতে হবে। বাজেট আমাদের জীবনের একটি অংশ। বাজেট বুঝতে হলে অর্থনীতিবিদ হতে হয় না। শিক্ষকদের উচিত বাজেটকে সুন্দর ও সহজভাবে শিক্ষার্থীদের সামনে তুলে ধরা।
আতিউর রহমান বলেন, পরবর্তী প্রজন্মের কথা চিন্তা করে আগামী বাজেট হতে হবে পরিবেশবান্ধব। দেশের কথা চিন্তা করে, সমাজ ও সমাজের মানুষের কথা চিন্তা করে এই বাজেট প্রণয়ন করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে ঢাবি ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সাধারণ মানুষের জন্য বাজেট প্রণয়ন করা হয়। বাজেট সরকার এবং জনগণের মধ্যে সম্পর্ক স্থাপন করে।
ঢাবি ভিসি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বাজেট নির্ধারণ করা হয় তাতে অনেক ঘাটতি রয়েছে। “কাঁথা ছোট হলে গায়ের কোন অংশ ঢাকতে হবে” সেটা নিয়ে যেমন চিন্তায় পড়তে হয় ঠিক তেমনি বাজেট বরাদ্দে ঘাটতি থাকলে তা দিয়ে কোন সমস্যাটা সমাধান করা যায় তা নিয়েও চিন্তায় পড়তে হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দিন, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার বজলুল হক চৌধূরী, নব স্থাপিত “সেন্টার অন বাজেট এন্ড পলিসির” পরিচালক এম আবু ইউসুফ প্রমূখ।
[b]ঢাকা, ১২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]