[b]বগুড়া[/b]: বিএনপি-জামায়াতকে ফাঁসাতে গিয়ে নিজ স্কুলে আগুন দেওয়ার অভিযোগে আটক বগুড়ার শাজাহানপুরের সুজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ বুধবার সচিবালয়ে দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত নেন। একই সঙ্গে এ ধরনের অপকর্ম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান মন্ত্রী।
বৈঠক থেকে নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্ত প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্থানীয় থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।
মন্ত্রী সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটি, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীকে নিয়ে সম্মিলিতভাবে প্রতিরোধ কমিটি গঠনের আহ্বান জানান।
দুই মন্ত্রণালয়ের প্রাথমিক হিসাব অনুযায়ী সারা দেশে ৪১৯টি প্রাথমিক ও ৮২টি মাধ্যমিক বিদ্যালয় এবং ২১টি মাদ্রাসা ও নয়টি কলেজ ক্ষতিগ্রস্ত হয়েছে।