মেহেরপুরের গাংনীতে আওয়ামী লীগের তিন নেতাকে মারধর করেছে প্রতিপক্ষের লোকজন। জানা যায়, সরকারিভাবে গম ক্রয় অভিযানকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।ঘটনার পর সরকারিভাবে গম ক্রয় অভিযান বন্ধ হয়ে গেছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা আলা উদ্দিন আহমেদ আলা, রাম বাবু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল।
আহতদের মধ্যে আলা উদ্দিনকে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকী দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনার পর উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন ও আহত রাম বাবুর নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী মেহেরপুর-কুষ্টিয়া সড়কের রাস্তায় টায়ার জ্বালিয়ে ওই উপজেলার কাফুলি মোড়ে অবস্থান করছে।
অপরদিকে যুবলীগ নেতা মজিরুল ইসলামের লোকজন গাংনী হাসপাতাল বাজার এলাকায় অবস্থান নিয়েছে। এ নিয়ে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
গাংনী থানার অফিসার ইন চার্জ (ওসি) রিয়াজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে সতর্কাবস্থায় রাখা হয়েছে।
এ ঘটনায় পর গাংনীতে সরকারিভাবে গম ক্রয় অভিযান বন্ধ হয়ে গেছে। এ বছর সরকারিভাবে ৩ হাজার ৬১২ মেট্রিক টন গম ক্রয়ের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে বলে জানান গাংনী খাদ্য গুদাম কর্মকর্তা সাহাবুল আলম।
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
[/b]