মেন্দি এন্ড সাফাদিকে নিয়ে সরকারি তামাশা বন্ধ করার আহ্বান জানিয়েছেন ২০ দলীয় জোটনেতা ও জাগপা সভাপতি শফিউল আলম প্রধান।

প্রধান বলেন, কারো সাথে দেখা হলেই যদি রাষ্ট্রদ্রোহী হতে হয় তবে বঙ্গবন্ধু দৌহিত্রও এ দায় এড়াতে পারে না।

সরকারকে লক্ষ্য করে তিনি বলেন, রাজনৈতিকভাবে মোকাবেলা না করে ষড়যন্ত্র-চক্রান্তের পথে হাঁটলে এর পরিণাম কখনোই শুভ হয় না।

তিনি আরো বলেন, কেঁচো খুড়তে গিয়ে এখন সাপ বেরিয়ে আসছে। সুতরাং আসলাম চৌধুরীকে মুক্তি দিয়ে জাতির কাছে ক্ষমা চান।

সোমবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাৎ বার্ষিকী স্মরণে সকাল ১০.৩০টায় শহীদ জিয়ার মাজারে পুস্পস্তবক অর্পণ শেষে আসাদ গেট জিইউপি মিলনায়তনে জাগপা আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।

তিনি শহীদ জিয়াকে অদম্য সাহসী একজন মহান দেশপ্রেমিক হিসেবে অভিহিত করে বলেন, জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তিনি মৃত্যুকে মেনে নিয়েছেন কিন্তু আপোষ করেন নাই। গণতন্ত্র পুনরুদ্ধার, স্বাধীনতা রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে তিনি সর্বাত্মক জাতীয় ঐক্যকেই গুরুত্ব দিয়েছেন। তিনি যথাযথই অনুধাবন করেছেন আধিপত্যবাদী শক্তির পাশে বাংলাদেশকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে জনঐক্যের কোন বিকল্প নাই। বাংলাদেশের সর্বগ্রাসী সংকট মোকাবেলায় তিনি জিয়ার পথে হাঁটতে দেশপ্রেমিক শক্তির প্রতি আহ্বান জানান।

জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জাগপার প্রচার সম্পাদক ডাঃ আওলাদ হোসেন শিল্পী, যুব জাগপার সাধারণ সম্পাদক শেখ ফরিদউদ্দিন, নগর যুব জাগপার সভাপতি খোরশেদ আলম সুমন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শাহীনুর রহমান শাহীন, শফিকুল ইসলাম ফেরদৌস, জাগপা ছাত্রলীগের সহ সভাপতি নাহিদ হাসান, মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক মিনহাজ প্রধান রাব্বি, প্রচার সম্পাদক আবু নাঈম প্রমুখ।

এমআইএস