ভোটারবিহীন নির্বাচন হয়েছে বলে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের মন্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, উনি এতদিন পরে কথা বলছেন কেন? তিনি মন্ত্রী হলে কি এমন কথা বলতেন। আমার আর কিছু বলার নাই।
আজ রোববার (২০ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন।
এর আগে শনিবার বরিশালে এক অনুষ্ঠানে নির্বাচন ও ভোট নিয়ে বক্তব্য দেন ১৪ দলীয় জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
নগরীর অশ্বিনী কুমার হলে ওয়ার্কার্স পার্টির জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে আমিও নির্বাচিত হয়েছি। তারপরও সাক্ষ্য দিচ্ছি- ওই নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। এমনকি পরবর্তীকালে উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোট দিতে পারেনি দেশের মানুষ।
মেননের ওই বক্তব্য নিয়ে দেশজুড়ে নানা সমালোচনা চলছে। এরই মধ্যে বিষয়টি নিয়ে কথা বললেন ক্ষমতাসীন আওয়ামী লীগের মন্ত্রী ওবায়দুল কাদের।
এদিকে একটি সূত্র জানিয়েছে, ক্যাসিনোকাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হতে পারে সংসদ সদস্য রাশেদ খান মেননকে। ক্যাসিনোর ঘটনায় এরই মধ্যে গ্রেপ্তার যুবলীগের দুই নেতা রিমান্ডে জিজ্ঞাসাবাদে তার নাম জড়িয়ে তথ্য দিয়েছেন।
এএস





