দেশ থেকে গণতন্ত্র নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছে। লুপ্ত গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান।
সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে বাংলাদেশ কল্যাণ পার্টির উদ্যোগে ‘আসুন, গণতন্ত্র পুনরুদ্ধারে এবং জনকল্যাণে সকলে ঐক্যবদ্ধ হই’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কল্যাণ পার্টির চেয়ারম্যান ও ১৯ দলীয় জোটের অন্যতম নেতা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম।
মাহবুব আরো বলেন, স্বাধীনতার ৪২ বছরেও আমরা দেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করতে পারিনি। তবে আজ যেভাবে গণতন্ত্রের ওপর আঘাত এসেছে, অতীতে কখনো এমনটি হয়নি বলেও দাবি করেন তিনি।
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতির সমালোচনা করে তিনি বলেন, আগে বলা হত আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, আর এখন তাদের দূর্নীতির কারণে বলতে হবে আঙ্গুল ফুলে বটগাছ হয়ে গেছে।
চলমান রাজনৈতিক সংকট প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে আমরা খাদের কিনারে এসে পড়েছি। এ অবস্থা থেকে উদ্ধার হতে হলে রাজনৈতিক সংলাপের বিকল্প নেই।
বর্তমান সংসদের বিরোধী দলের নেত্রীর সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, তারা ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে বিরোধী দলের নেতা নির্বাচিত হয়েছেন, কিন্তু সরকারের অংশ হিসেবে মন্ত্রীত্ব নেওয়ায় এটিকে আর বিরোধী দল বলা যাচ্ছে না।
তিনি সরকারের সমালোচনা করে বলেন, সংবিধানের নাম করে একদলীয় শাসন জাতির ঘাড়ে চাপিয়ে দিয়ে দেশের কল্যাণ করতে পারবেন না। কারণ মানুষের জন্য সংবিধান, সংবিধানের জন্য মানুষ নয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন আহমেদ বলেন, দেশে আজকে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাকে আমরা জনপ্রতিনিধিত্বশীল সরকার বলতে পারি না। এজন্য অহিংস আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পরাজিত করে সাংবিধানিক ও জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান ও ১৯ দলীয় জোট নেতা জেবেল রহমান গনি, আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি গোলাম মাওলা রনি ও কল্যাণ পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
[b]ঢাকা, ২৭ জানুয়ারি(টাইম নিউজ বিডি.কম) এমএইচ//[/b]