শনিবার (২০ জুন) দুপুরে যশোর শহরের বিডি হলে যশোর জেলা জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে জাপা নেতা এ কথা বলেন।

মীর আব্দুস সবুর আসুদ বলেন, ‘জাতীয় পার্টি এ দেশের মানুষের হৃদয়ে রয়েছে। তাই নানা ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা সত্ত্বেও দলকে ধ্বংস করা সম্ভব হয়নি।’ তিনি বলেন, জাতীয় পার্টি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ দেশের ব্যাপক উন্নয়ন করেছিলেন। সে সময় মানুষের ক্রয়ক্ষমতা ভালো ছিল এবং সাধারণ মানুষ শান্তিতে বসবাস করত।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে জাপা নেতা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার প্রহসনের নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে এবং জাতীয় পার্টিকে দুর্বল করার চেষ্টা করেছে।

আগামী দিনে জাতীয় পার্টিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে এবং দলের চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জাপা নেতা। একইসঙ্গে রাজপথে আন্দোলন-সংগ্রাম জোরদারেরও ডাক দেন।

যশোর জেলা জাতীয় পার্টির নেতা খবির গাজীর পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আশরাফুজ্জামান আশু, চেয়ারম্যানের উপদেষ্টা মাহবুব আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মধু, আহাদ ইউ চৌধুরী শাহীন, যুগ্ম মহাসচিব দ্বীন ইসলাম শেখ, যুগ্ম মহাসচিব হেলাল উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক নির্মল চন্দ্র দাস।

এ ছাড়া খুলনা বিভাগের বিভিন্ন জেলার নেতাদের মধ্যে বক্তব্য দেন ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম বাচ্চু, মাগুরা জেলার সিনিয়র সহ-সভাপতি সিরাজুল সালেক শাহীন, মেহেরপুর জেলার সিনিয়র সহ-সভাপতি কেতাব আলী, খুলনা মহানগর শাখার যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বাগেরহাটের কেন্দ্রীয় সদস্য শাহ আলম খান, কুষ্টিয়া জেলার যুগ্ম সম্পাদক আইনুদ্দিন মাস্টার, চুয়াডাঙ্গা জেলার সভাপতি সোহরাব হোসেন এবং নড়াইল জেলার সভাপতি সাইফুজ্জামান ফিরোজ।

সভায় জাতীয় পার্টির কেন্দ্রীয় মোটর শ্রমিক পার্টির আহ্বায়ক মেহেদী হাসান শিপন ও শ্রমিক পার্টির কেন্দ্রীয় সভাপতি মেফতা উদ্দিন জসিমসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মকবুল হোসেন। কর্মী সভায় যশোরসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এমএম