ভারতের রাজ্যসভার এক সদস্যের বাংলাদেশে দখলের হুমকির পরও ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার কোনো প্রতিবাদ না জানানোর তীব্র সমালোচনা করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, বর্তমান সরকার দেশের জনগণের প্রতিনিধিত্ব করে না, তারা অন্য কারো প্রতিভূ হিসাবে দেশ শাসন করে মাত্র। এই সরকারের কাছে ক্ষমতাই সবকিছু, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কিংবা মর্যাদার কোনো গুরুত্ব নেই।

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।

রিজভী বলেন, সম্প্রতি ত্রিপুরার রাজধানী আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে ভারতের ক্ষমতাসীন বিজেপির প্রভাবশালী নেতা ও রাজ্যসভার সদস্য শ্রী সুব্রামানিয়াম স্বামী বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর ধারাবাহিক নির্যাতন বন্ধ না হলে বাংলাদেশ দখলের এবং সমগ্র বাংলাদেশে দিল্লীর শাসন প্রতিষ্ঠার হুমকি দেয়ার খবর বাংলাদেশের গণমাধ্যমে প্রচারিত হওয়ার পরও গত কয়েকদিনের মধ্যে ধর্মনিরপেক্ষতার ধ্বজাধারী বাংলাদেশ সরকার এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এটা শুধু ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের নতজানু পররাষ্ট্র নীতির পরিচায়ক নয়- সার্বভৌম বাংলাদেশের মর্যাদা ও স্বাতন্ত্র রক্ষায় সরকারের সীমাহীন ব্যর্থতার নগ্ন প্রকাশ বলে দেশবাসী মনে করে।

তিনি বলেন, শেখ হাসিনার প্রতি ভারতের সমর্থন রয়েছে বলায় সুব্রামানিয়াম স্বামীর প্রতি কৃতজ্ঞ হয়ে সরকার বাংলাদেশে ভারতের হামলা চালানো ও বাংলাদেশকে দখল করে নেয়ার মতো বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব ও সার্বভৌমত্ব বিরোধী মারাত্মক হুমকিকে আমলে না নিয়ে দেশের চেয়ে নিজেদের স্বার্থকে অধিক গুরুত্ব দেয়ায় পুনরায় প্রমাণিত হলো যে, বর্তমান সরকার দেশের জনগণের প্রতিনিধিত্ব করে না, তারা অন্য কারো প্রতিভূ হিসাবে দেশ শাসন করে মাত্র। এই সরকারের কাছে ক্ষমতাই সবকিছু, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কিংবা মর্যাদার কোনো গুরুত্ব নেই।

রিজভী বলেন, বিএনপি সকল নাগরিকের সংবিধান স্বীকৃত সমান অধিকারে বিশ্বাসী এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের স্ব স্ব ধর্ম পালনের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল একটি গণতান্ত্রিক দল হিসাবে শ্রী সুব্রামানিয়াম স্বামীর অভিযোগের যথার্থতা থাকলে সে বিষয়ে কার্যকর প্রতিকারের ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানানোর পাশাপাশি বাংলাদেশের স্বাধীন সত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে তার প্রকাশ্য হুমকিকে অপ্রত্যাশিত, অকূটনীতিক এবং আগ্রাসী বলে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তার এই বক্তব্য প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছে। স্বাধীন বাংলাদেশের গর্বিত নাগরিকগণের সংগঠন হিসাবে বিএনপি প্রাসঙ্গিক বিষয়ে সরকারের ক্ষমাহীন নীরবতারও তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে।