আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আন্তর্জাতিক মানবধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াচ রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছে। তারা বিএনপি নেত্রীর সঙ্গে মিল রেখে বক্তব্য দিচ্ছেন।
হিউম্যান রাইট ওয়াচের যেহেতু ইহুদিদের সঙ্গে যোগাযোগ রয়েছে তাই আমি যে সন্দেহ করেছিলাম ইসরাইলের সঙ্গে বিএনপির যোগসূত্র রয়েছে। আমার সে সন্দেহ আজ আরও ঘনীভূত হয়েছে।
মুজিব নগর সরকারের প্রধানমন্ত্রী তাজ উদ্দিন আহমেদের ৮৯তম জম্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ দেশরত্ন পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির রাইন্ড টেবিল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া র্যাব বিলুপ্তের দাবি জানিয়েছেন। তার (খালেদা জিয়া) সঙ্গে তাল মিলিয়ে হিউম্যান রাইট ওয়াচ ও র্যাব বিলুপ্তে দাবি করছেন। এতেই প্রমাণিত হয় হিউম্যান রাইট ওয়াচ মানবধিকার সংগঠনটি এখন বিএনপির আন্তর্জাতিক ফ্রন্ট।
তিনি বলেন, ফিলিস্তিনির উপর হামলায় বিএনপির-জামায়াত সরব না থাকায় আমি সন্দেহ প্রকাশ করেছিলাম বিএনপির সঙ্গে ইসরাইলের যোগসূত্র রয়েছে। এটি কয়েকটি গণমাধ্যমে ভুল ভাবে উপস্থাপন করা হয়েছে। এটা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেভাবে কথা বলছেন তাতে মনে হয় তিনি অর্বাচিন প্রানী এবং মানুষিক অসুস্থ।
তিনি আরও বলেন, যুদ্ধাপরাদীদের সন্তানদের নিয়ে খালেদা জিয়া ও তারেক রহমান পবিত্র স্থানে বসে অপবিত্র ষড়যন্ত্র করে মদিনার পবিত্রতা নষ্ট করছে। আমরা স্পষ্ট করে বলতে চাই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নেই। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে অতীতে তাদের (বিএনপি-জামায়াত) বিষ দাঁত ভেঙ্গে গেছে, আগামীতেও যাবে।
সংগঠনের সভাপতি চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধামন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।
ঢাকা, এমআর, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ





