ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী হলে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

আহত হয়েছেন যারা- হল সংসদের বহির্ক্রীড়া বিষয়ক সম্পাদক পাপিয়া আক্তার, হল সংসদের সমাজসেবা সম্পাদক ইসরাত জাহান ইতি ও মিলি রাণী। এদের মধ্যে পাপিয়া ও ইতি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মীদের মধ্যে শাড়ি বিতরণ করেন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক রওনক জাহান রাইয়ান।

ওই সময় ছয়জন শাড়ি না পেয়ে রুমে চলে যান। হল ছাত্রলীগের সহ-সভাপতি সালসাবিল খান তাদের ডেকে ছয়টি শাড়ি দেন। এতে ক্ষুব্ধ হন রাইয়ান। পরে তাদের দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

এরপর প্রায় ঘণ্টাখানেক স্লোগান-পাল্টা স্লোগান ও দফায় দফায় মারধরের ঘটনা চলে।

জানা গেছে, রাত ৮টার দিকে সালসাবিল রুমে গিয়ে দেখেন তার সব জিনিসপত্র বাইরে পড়ে আছে। এ নিয়ে রাইয়ানের কর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়।

তবে রাইয়ান পক্ষে কর্মীরা দাবি করেছেন, সালসাবিল আগে হামলা করেছে।

রওনক জাহান রাইয়ান কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের অনুসারী। আর সালসাবিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারী।

ঘটনার পর দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক রওনক জাহান রাইয়ান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ওখানে একাধিক ছাত্রীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। সেখানে প্রক্টরিয়াল টিম পাঠিয়েছি। হলের প্রাধ্যক্ষ এবং আবাসিক শিক্ষকরা সেখানে রয়েছেন। আশা করছি সবকিছু ঠিক হয়ে যাবে।

এএস