আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মহাসচিবের নির্দেশেই আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে হামলার চেষ্টা করা হয়েছে। তাঁর অভিযোগ ফেসবুকেও গুজব ছড়াচ্ছে বিএনপি।

আজ (০৫ আগস্ট) রাজধানীর ধানমণ্ডি এলাকায় শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার পর পরিস্থিতি খানিকটা শান্ত হলে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ। এসময় ওবায়দুল কাদের অভিযোগ করেন, বিএনপির মদদেই আওয়ামী লীগের ধানমণ্ডি অফিসে হামলার ষড়যন্ত্র করা হয়।

ওবায়দুল কাদের বলেন, “আমাদের এখন আর অবিশ্বাস করার কোনো কারণ নেই যে, আজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ হয়ে আওয়ামী লীগ অফিসের দিকে যে মিছিলটি আসছিল, বিএনপি-জামায়াত তাদের ছাত্র সংগঠনকে দিয়ে আজ যে আক্রমণ সাজিয়েছিল; এটাও মির্জা ফখরুল এবং বিএনপির চক্রান্তের অংশ।”

ওবায়দুল কাদের অভিযোগ করেন, আন্দোলনে ব্যর্থ হয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করতে ফেসবুকেও গুজব ছড়াচ্ছে বিএনপি।

ওবায়দুল কাদের বলেন, “আগামীকাল কেবিনেটে সড়ক পরিবহন আইন অনুমোদন হবে। ৯ দফার বাকি যেগুলো এখনো বাস্তবায়ন হয়নি, সেগুলোও যথাযথভাবে বাস্তবায়ন করা হবে।”

এমবি