বিএনপি এখন বেপরোয়া রাজনৈতিক দল মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার হতাশা থেকে বিএনপি বেপরোয়া দলে পরিণত হয়েছে। বেপরোয়া চালক যেমন দুর্ঘটনার কারণ, তেমনি, আমি জানি না, বিএনপি আবার কখন রাজনীতিতে দুর্ঘটনা ঘটিয়ে ফেলে।

আজ শুক্রবার সকালে রাজধানীর কাকরাইলে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যুবজাগরণ লাইব্রেরি ও গবেষণা কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা নিজেরাই জানে না তারা কখন কী করে, কখন কী কথা বলে। অনুষ্ঠানে বিএনপির সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য ও কার্যকলাপের সমালোচনাও করেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন অশিক্ষিত, অর্ধশিক্ষিতদের দিয়ে ভরে গেছে। তবে এই অশিক্ষিত রাজনীতিকদের মনে রাখতে হবে এই মনোভাব নিয়ে নেতাদের উদ্দেশ্য সাধন করা যাবে, পাহাড়াদার হওয়া যাবে কিন্তু নেতা হওয়া যাবে না।

ঢাকা মহানগর যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ।

এমবি