রোববার (২৩ আগস্ট) সকালে নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন তিনি।

রংপুরে একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, শনিবার রাতে নগরীর মাছুয়াপাড়ার একটি বাসা থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, ছেলে প্রীয়ম চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।

গোটা পরিবারকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়, বেদনাদায়ক ও লোমহর্ষক বলেও মন্তব্য করেন জামায়াত আমির।

দেশে সামাজিক অপরাধ, খুন-খারাবি ও সন্ত্রাসী কর্মকাণ্ড মারাত্মক আকার ধারণ করেছে দাবি করে তিনি সাম্প্রতিক আরও কয়েকটি ঘটনার উল্লেখ করেন। এর মধ্যে ঢাকায় এক চিকিৎসকের কাছে ডলারে চাঁদা দাবি করে হামলা এবং ময়মনসিংহে এক পশুচিকিৎসকের কাছে চাঁদা দাবি করে হামলার ঘটনাও তুলে ধরেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, এসব ঘটনা থেকে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হয়েছে এবং তা কতটা ভয়াবহ রূপ নিয়েছে, তা স্পষ্ট। এতে জনগণের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। মানুষ এর সুরাহা চায়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্লিপ্ত ভূমিকা জনগণকে শঙ্কিত করে তুলেছে বলেও মন্তব্য করেন তিনি। বিশেষ করে রংপুরে একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান জামায়াত আমির।

তিনি বলেন, একের পর এক অপরাধ সংঘটিত হলেও ভুক্তভোগীরা সঠিক বিচার পাচ্ছেন না। আদালতে বিচারের দীর্ঘসূত্রতাও জনগণের মধ্যে হতাশা সৃষ্টি করছে। এই হতাশা থেকে জনগণকে রক্ষা করতে হবে।

সরকারের ব্যর্থতার দিকে তাকিয়ে না থেকে সমাজে সচেতনতা তৈরির আহ্বান জানান ডা. শফিকুর রহমান। একই সঙ্গে সরকারকে তার ব্যর্থতা কাটিয়ে উঠতে বাধ্য করার জন্য সবাইকে সামাজিকভাবে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

দেশের জনগণকে অপরাধের হাত থেকে রক্ষায় মহান আল্লাহর সাহায্য কামনা করে পোস্টটি শেষ করেন জামায়াত আমির।

এস