সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির পূর্বঘোষিত সমাবেশকে ঘিরে আওয়ামী লীগ নেতাদের দেওয়া বক্তব্য সংঘাত সৃষ্টি করার ইঙ্গিতবাহক, উসকানিমূলক বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।  

আজ (২৭ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।  

রুহুল কবির রিজভী বলেন, “বিএনপি নেতাকর্মী ও জনগণকে আহ্বান জানিয়েছি জনসভায় আসার জন্য। জনগণ সেখানে যাবে, বক্তব্য শুনবে, চলে আসবে। এটা একটা শান্তিপূর্ণ কর্মসূচি। কিন্তু তাদের (আওয়ামী লীগ) বক্তব্যই হচ্ছে সংঘাত সৃষ্টি করার ইঙ্গিতবাহক। এটা টোটাল উসকানিমূলক কথা। তারা এসব বক্তব্য দেবেন কেন? এসব বক্তব্য থেকে সরে আসুন, বিরোধী দলের সভা-সমাবেশ করার অধিকার, অবশ্যই জনসভা হবে।”  

বিএনপি নেতা আরও বলেন, “২৯ সেপ্টেম্বর সমাবেশের জন্য আমরা সকল প্রস্তুতি নিচ্ছি। গতকাল মহাসচিবের (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) নেতৃত্বে যৌথ সভায় এই বিষয়ে সব প্রস্তুতির কর্মপরিকল্পনা ঠিক করা হয়েছে। যে প্রক্রিয়ায় একটা জনসভা হয়, সেটা অনুসরণ করেছি। প্রশাসনকে চিঠি দিয়েছি, গণপূর্ত কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। তাঁরা বলেছেন- যদি পুলিশ ক্লিয়ারেন্স দেয়, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। তাহলে উনারা আর কী চান?

আমরা কি শান্তির পায়রা উড়াতে উড়াতে যাব? এখানে তো কোনো হুমকি নেই। তাহলে দখলের কথা আসছে কেন? এটা হচ্ছে তাদের ফ্যাসিবাদ ও গুণ্ডামির ভাষা। আমরা বলব-এই সমস্ত ভাষা ব্যবহার করলে জনগণের মধ্যে আতঙ্ক তৈরি হয়। আপনাদের ইমেজ বৃদ্ধি পাচ্ছে না।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বিএনপির এই যুগ্ম-মহাসচিব বলেন, “দেশে তিনি এককথা বলেনবিদেশে বলেন অন্য কথা। নিউইয়র্কে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন-সব দলের অংশগ্রহণে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করছে সরকার। প্রধানমন্ত্রীর এ বক্তব্য সম্পূর্ণভাবে মিথ্যা। কারণ এখন পর্যন্ত আগামী জাতীয় নির্বাচন নিয়ে সরকারের সকল পদক্ষেপ একতরফা নির্বাচনেরই আলামত।”

বিএনপি নেতা বলেন, “বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলা সরকার গুম, বেআইনি হত্যা, নির্দোষ মানুষদের গ্রেফতার ও মামলা দিয়ে হয়রানির কোনো কিছুই বাদ দিচ্ছে না। এরা মানুষের মানবাধিকারকে পায়ে দলতে যে দ্বিধা করে না, তার বহু তথ্য সাবেক প্রধান বিচারপতির লেখা বই থেকে পাওয়া যাচ্ছে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসাইন, আহমেদ আজম খান, যুগ্ম-মহাসচিব খায়রুল কবীর খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী।

এমবি