বাংলাদেশে গণতন্ত্র এখন দুঃস্বপ্নের পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কবি আব্দুল হাই শিকদার।

মঙ্গলবার মালয়েশিয়া কাম্পুং জাওয়ার স্থানীয় একটি রেস্টুরেন্টে জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেছেন।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শত নাগরিক কমিটির সদস্য সচিব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কবি আবদুল হাই শিকদার। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আমার দেশ-এর নগর সম্পাদক এম আবদুল্লাহ।

জিয়াউর রহমানের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে কবি আবদুল হাই শিকদার বলেন, "সেই জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন সেই দেশে আজ কারো ভোটের অধিকার নেই। গণতন্ত্র আজ দুঃস্বপ্নে পরিণত হয়েছে। দেশের মানুষ এই অবস্থা থেকে মুক্তি চায়। এজন্য সবাইকে যে যার অবস্থান থেকে গণ আন্দোলন গড়ে তুলতে হবে।"

এম আবদুল্লাহ বলেন, "বাংলাদেশের আপামর জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার কাজে নিবেদিত ছিলেন জিয়াউর রহমান। তিনি আজ আমাদের মাঝে না থাকলেও আছে তার আদর্শ। তাই জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমাদেরকে মাটি ও মানুষের মুক্তির জন্যে নিরলস কাজ করে যেতে হবে। জিয়ার আদর্শ বাস্তবায়নে আমাদেরকে ঝাপিয়ে পড়তে হবে।"

বিএনপির সিনিয়র নেতা আবদুল খালেকের সভাপতিত্বে ও টিপু সুলতানের পরিচালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মালয়েশিয়া বিএনপি আহ্বায়ক ও সেচ্ছাসেবক দলের কেন্ত্রীয় কমিটির সহ সভাপতি মাহবুবুল আলম শাহ, সদস্য সচিব মোহাম্মদ মোশারফ হোসেন, মালয়েশিয়া বিএনপির সিনিয়র নেতা মোহাম্মদ শহীদ উল্লাহ শহীদ, সাংগঠনিক সম্পাদক মো. কাজী সালাউদ্দিন, কাম্পুং জাওয়া বিএনপির সভাপতি আবু ছায়েদ, সাধারন সম্পাদক রেজাউল করিম, শাহ আলম, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, যুবদল নেতা আবদুল্লাহ আল সানি প্রমুখ।

জেডআই