আগামী ২০ এবং ২১ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এই সম্মেলন বাস্তবায়নে ১২টি উপকমিটি করা হয়েছে। নেতাদের মধ্যে কেউ দুর্নীতি করলেও কোনো ছাড় হবে না বলেও জানান তিনি।
সভায় সম্মেলনের প্রস্তুতি নিয়ে সম্পাদক মণ্ডলীর উপস্থিতিতে আলোচনায় প্রস্তুতিমূলক বিভিন্ন দিক তুলে ধরা হয়। এছাড়া ১০ ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোকে সম্মেলনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। প্রতিটি অঙ্গ সংগঠনের নতুন কমিটি হবে। ২২ বছর পরও অনেক সংগঠনের কমিটি হয়েছে। নারায়ণগঞ্জে ১৭ বছর পর সম্মেলন হয়েছে। তাই ইউনিয়ন থেকে উপজেলা, জেলা, বিভাগের প্রতিটি অঙ্গ সহযোগী সংগঠনের সম্মেলন হবে।
এসময় ছাত্রলীগ প্রসঙ্গে আর একটি কথাও বলবেন না বলে উত্তেজিত কন্ঠে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রলীগ নিয়ে আমি আর একটি কথাও বলবো না! প্রধানমন্ত্রী নিজেই এই বিষয়টা দেখছেন, দায়িত্বপ্রাপ্তদের মাধ্যমে তিনি তার নির্দেশনা দিচ্ছেন। কাজেই এই বিষয়টি নিয়ে আমি কেন বার বার কথা বলবো?
ওবায়দুল কাদের বলেন: দুজনকেই অব্যাহতি দেওয়া হয়েছে। ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়েছে। এই আমলে অপকর্ম হয়নি, এটা আমরা বলছি না। কিন্তু অপকর্ম হলেই শাস্তির ব্যবস্থা আছে। যা অন্য দলে নেই, কিন্তু আওয়ামী লীগের এই কালচার আছে।
এখানে কেউ অপকর্ম করলে, অন্যায় করলে, দুর্নীতি করলে, শাস্তির ব্যবস্থা আছে। বিএনপিতে শাস্তির ব্যবস্থা নেই।
এএস





