বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেছেন, অনেকেই বলাবলি করছেন বিএনপি পথ হারিয়েছে। যদি তাই হয় তবে পথ খুঁজে নিতে হবে।
বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবের অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিমের সভাপতিত্বে আয়োজিত সভায় সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বিএনপি থেকে জিয়াউর রহমান নির্বাসিত এমন মন্তব্য করে মাহবুব বলেন, জিয়ার রহমানের আদর্শ থেকে বিএনপি আজ হাজার হাজার মাইল দুরে সরে গেছে। এজন্য দল আজ দুর্নীতিগ্রস্ত, স্বজনপ্রীতি, কুলষিত, অবক্ষিত আর রুগ্ন বিএনপিতে পরিণত হয়েছে। কিন্তু জিয়াউর রহমানকে দূর্নীতি স্বজনপ্রীতি স্পর্শ করে নাই। তাই বিএনপিকে পথ খুঁজে পেতে হলে জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করতে হবে।
তিনি আরও বলেন বিএনপি বিনাশ হওয়ার দল নয়। হতাশ হওয়ার কিছুই নেই। জাতীয়তাবাদী শক্তি বিনাশ কখনোই বিনাশ হতে পারে না। মনীষীরা বলে গেছেন জাতীয়তাবাদী দর্শন ধারণ করলে সেই জাতি বিনাশ হয় না। বিএনপি ফিনিক্স পাখির মত জেগে উঠবে বলেও মনে করেন তিনি।
মোদির আসন্ন সফর বিষয়ে তিনি বলেন, মোদির সফর প্রতিক্ষিত ও প্রত্যাশিত। আমরা তার এই সফরকে স্বাগত জানাই। তিনি শুধু নিতে আসছেন না, দিতেও আসছেন। অতীতে কখনো তা হয়নি। স্থল সীমান্ত চুক্তি পাশ এরইমধ্যে পাশ হয়েছে। মোদি দিতে পেরেছে। আমরা চাই মোদির সফরে তিস্তাসহ অন্যান্য নদীর পানি চুক্তি সম্পন্ন হবে। সেই সঙ্গে বাণিজ্যিক বৈষম্য দূর হবে।
মোদি-খালেদার বৈঠক প্রসঙ্গে মাহবুব বলেন, এখনো দিনক্ষণ ঠিক হয়নি। খালেদার সঙ্গে মোদির বৈঠক নিয়ে অনিশ্চয়তা, মানুষ জানে না। বেগম জিয়া ১৬ কোটি মানুষের আশা আকাঙ্খার প্রতীক। তিনবারের প্রধানমন্ত্রী তার সঙ্গে মোদির দেখা হবে না, এটি মানুষ গ্রহণ করবে না। খালেদার জিয়ার সঙ্গে মোদির সাক্ষাত অবশ্যই হবে। সেই বৈঠকে গণতন্ত্র নিয়ে আলোচনা হবে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, স্বাধীনতা, বাংলাদেশ ও জিয়াউর রহমান এক অবিচ্ছেদ অংশ। জাতির দুর্দিনে জিয়াউর রহমান সব সময় সাহসী নেতৃত্ব দিয়েছেন। আজ ২০১৫ সালে এই সংকটের সময় জিয়াউর রহমান আমাদের মাঝে নেই। তবুও আমাদের হতাশ হওয়া চলবে না। তাকে ধ্রুবতারার মত অনুসরণ করে এগিয়ে যেতে হবে।
এমএইচ/ এআর





