নাগরিক ঐক্যের আহবায়ক কারাবন্দী মাহমুদুর রহমান মান্নার সুচিকিৎসা নিশ্চিত করার আবেদন জানিয়েছেন তার স্ত্রী মেহের নিগার। 

রোববার বেলা ১১টায় রাজধানীর গুলশানের বাসভবনে এক সংবাদ সম্মেলন তিনি এ আবেদন জানান।

মেহের নিগার বলেন, মান্না দীর্ঘদিন ধরে নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন। তার হার্টে চারটি ব্লক আছে। তাকে নিয়ন্ত্রিত চলাফেরা ও খাদ্যগ্রহণ করতে হয়। তার মেরুদণ্ডে ক্ষয়জনিত সমস্যা আছে।

শরীরের এই অবস্থায় মান্নাকে রিমান্ডে নিয়ে মানসিক ও শারীরিক চাপ দেওয়ায় তিনি আরো অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরো অভিযোগ করেন, পুলিশের তত্ত্বাবধানে তার স্বামীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই তড়িঘড়ি করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সরকারের কাছে আবেদন জানিয়ে মেহের নিগার বলেন, মান্নার বিরুদ্ধে থাকা অভিযোগ প্রমাণসাপেক্ষে সুষ্ঠু বিচার হোক। তবে তার আগে তার সুচিকিৎসার ব্যবস্থা হোক।

এমআর/ এআর