আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীতে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেছে ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর উত্তরায় এই খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

খাদ্য বিতরণ পূর্ব বক্তব্যে শিবির নেতা মাহফুজুল হক বলেন, দেশে প্রায় তিন কোটি মানুষ দারিদ্র সীমার নিচে বাস করছে। বিশেষ করে শুধু ঢাকা শহরেই প্রায় আট লক্ষ পথশিশু রয়েছে। যারা খেয়ে না খেয়ে বিবস্ত্র অবস্থায় দিনাতিপাত করছে।

অথচ অন্ন, বস্ত্র, বাসস্থানের নিশ্চয়তা পাওয়া তাদের অধিকার।  ইসলামী ছাত্রশিবির এমন একটি ইসলামী সমাজ নির্মানের জন্য কাজ করছে, যেই সমাজে সবার অধিকার রক্ষা করা হবে রাষ্ট্রের পবিত্র দায়িত্ব।

তিনি এই কর্মসূচীর মাধ্যমে সমাজের বিশাল সংখ্যক অধিকার বঞ্চিত মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

“আমাদের অধিকার, আমাদের স্বাধীনতা, সর্বদাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে দেশব্যপী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে ছাত্রশিবির।

ঢাকা মহানগরী উত্তর সভাপতির পরিচালনায় খাবার বিতরণ কর্মসূচীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরী সেক্রেটারি, প্রশিক্ষণ সম্পাদক, কলেজ সম্পাদক, মাদ্রাসা বিষয়ক সম্পাদকসহ অন্যান্য শিবির নেতৃবৃন্দ।

এমএ