‘সরকারের প্রেসক্রিপশনে বিরোধী দল চলবে না’

নাহিদ ইসলাম তার বক্তব্যে স্পষ্ট করে বলেন যে, বিএনপি জুলাই সনদকে কলুষিত করেছে। তিনি অবিলম্বে একটি শক্তিশালী সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানান। বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, "সরকার লিখে দেবে আর বিরোধী দল সেই প্রেসক্রিপশন অনুযায়ী চলবে—এমন রাজনীতি আমরা করবো না।"

সাংবাদিক লাঞ্ছনা ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ব্যাখ্যা দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় এখনও মামলা না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন নাহিদ ইসলাম। শাহবাগ থানার ভেতরে ঢুকে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের ওপর হামলার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, "থানার ভেতর এই ধরনের ন্যক্কারজনক হামলার পরও কেন মামলা নেওয়া হচ্ছে না, তার জবাব স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে হবে।"

মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান

মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে গত ৫০ বছরের অমীমাংসিত রাজনীতির জন্য বিএনপি-জামায়াত জোটকে দায়ী করে এনসিপি নেতা বলেন:

"মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় ভিত্তি, এটা নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই। কিন্তু মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে যে লুটপাট ও ফ্যাসিবাদ কায়েম হয়েছে, জাতি তা ভুলে যায়নি। মূলত জুলাই গণঅভ্যুত্থান ছিল মুক্তিযুদ্ধেরই এক নতুন নবায়ন।"

বিভাজনের রাজনীতির অবসান চান নাহিদ

বক্তব্যের শেষে তিনি ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা নিয়ে কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের ‘কার্ড’ খেলে বা পক্ষ-বিপক্ষ বিতর্ক তৈরি করে জনগণকে আর বিভক্ত করা সম্ভব হবে না। ইতিহাসের অমীমাংসিত বিতর্কগুলোকে পেছনে ফেলে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

টাইম নিউজ/এমএম/২০২৬

এমএম