আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে বিএনপির তিন নেতা দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে একসঙ্গে আসেন ডিএনসিসি’র মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী তাবিথ আওয়াল এবং ডিএসসিসি’র মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী ইশরাক হোসেন।

প্রথমে তাবিথ আওয়াল এবং পরে ইশরাক হোসেন দলীয় মনোনয়নপত্র বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের কাছে জমা দেন।

এরপর ডিএনসিসি’তে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন তার মনোনয়নপত্র জমা দেন।

তাবিথ এবং ইশরাক মনোনয়পত্র জমা দেয়ার সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, এস এম জাহাঙ্গীর আখন্দসহ বেশকিছু নেতাকর্মী উপস্থিত থাকলেও রিপনের সঙ্গে হাতেগোনা ক’জনই ছিলেন।

মনোনয়নপত্র জমা দিয়ে কার্যালয়ের সামনের সড়কে অনুসারীদের নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিল করেন অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক।

উল্লেখ্য, ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ২ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ জানুয়ারি এবং আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এমবি