আজ বুধবার যেসব দেশে রোজা শুরু
সৌদি আরবের সুপ্রিম কোর্ট মঙ্গলবার সন্ধ্যায় একাধিক সাক্ষীর ভিত্তিতে রমজানের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে। সৌদি আরবের পাশাপাশি আজ বুধবার থেকে রোজা শুরু হয়েছে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, ইয়েমেন, ফিলিস্তিন, ইরাক (সুন্নি ওয়াক্ফ), লেবানন, সুদান, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, জিবুতি, সোমালিয়া এবং আফগানিস্তানে। এসব দেশে মঙ্গলবার রাতেই প্রথম তারাবির নামাজ অনুষ্ঠিত হয়েছে।
দেশগুলোর আনুষ্ঠানিক ঘোষণা
সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, নির্ভরযোগ্য প্রমাণের ভিত্তিতে বুধবারকে ১৪৪৭ হিজরি সনের প্রথম রমজান ঘোষণা করা হয়েছে। কাতারের ধর্ম মন্ত্রণালয়, কুয়েতের শরিয়াহ চাঁদ দেখা কমিটি এবং আমিরাতের প্রেসিডেনশিয়াল কোর্টও একই দিনে রোজা শুরুর ঘোষণা দিয়েছে।
ইরাকের সুন্নি ওয়াক্ফ দপ্তর এবং লেবাননের দারুল ফাতওয়া জানিয়েছে, মঙ্গলবার চাঁদ দেখা যাওয়ায় বুধবার থেকে রমজান শুরু হচ্ছে। ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি মুহাম্মদ হুসাইন জেরুজালেমসহ ফিলিস্তিনি ভূখণ্ডে আজ থেকে রোজা শুরুর ঘোষণা দিয়েছেন। এছাড়া উত্তর আফ্রিকার দেশ লিবিয়া, তিউনিসিয়া এবং আলজেরিয়ার জাতীয় কর্তৃপক্ষও বুধবার থেকে সিয়াম সাধনা শুরুর কথা নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার যেসব দেশে রোজা শুরু
অন্যদিকে, মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখা না যাওয়ায় মিসর, জর্ডান এবং সিরিয়ায় আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রোজা শুরুর ঘোষণা দেওয়া হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই ও সিঙ্গাপুরেও আজ চাঁদ দেখা না যাওয়ায় সেখানেও বৃহস্পতিবার থেকে প্রথম রোজা পালন করা হবে। এছাড়া ওমান, মরক্কো, মৌরিতানিয়া ও অস্ট্রেলিয়াতেও আগামীকাল থেকে পবিত্র রমজান শুরু হচ্ছে।
দক্ষিণ এশিয়ার পরিস্থিতি
বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। আজ চাঁদ দেখা গেলে এসব দেশেও আগামীকাল বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।
সূত্র: আল-জাজিরা, সৌদি গেজেট, খালিজ টাইমস, এসপিএ
এমএম