শনিবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান, বিচারক ও প্রসিকিউশন দলের সদস্যদের সেখানে যাওয়ার কথা রয়েছে।

আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম ও নির্যাতনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারকাজের অংশ হিসেবে এই পরিদর্শন করা হচ্ছে বলে জানিয়েছে প্রসিকিউশন।

পরিদর্শনে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী থাকবেন। তাদের সঙ্গে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী ও তাসমিরুল ইসলামসহ প্রসিকিউশন দলের সদস্যরা থাকবেন। আসামিপক্ষের আইনজীবীরাও পরিদর্শনে যাওয়ার অনুমতি পেয়েছেন।

এর আগে গত ১ আগস্ট রাজধানীর উত্তরা এলাকায় র‍্যাব-১ সদর দফতরে থাকা টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল বা ‘আয়নাঘর’ পরিদর্শন করেন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ও প্রসিকিউটররা। সেদিন তারা ছোট-বড় মোট ২৯টি কক্ষ ঘুরে দেখেন। এ ছাড়া সাতটি ডেথ সেল পরিদর্শন করে সেখানে বন্দিদের আটকে রেখে নির্যাতনের বিষয়ে ধারণা নেন।

এর আগে ২১ জুলাই চিফ প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে র‍্যাব, ডিজিএফআই ও গোয়েন্দা পুলিশের (ডিবি) গোপন বন্দিশালা বা ‘আয়নাঘর’ পরিদর্শনের সিদ্ধান্ত নেন ট্রাইব্যুনাল-১। ওই দিন চিফ প্রসিকিউটর আওয়ামী লীগ সরকারের টানা শাসনামলে এসব বন্দিশালায় বিরোধী মতাদর্শের ব্যক্তিদের তুলে নিয়ে নির্যাতন ও গুমের অভিযোগ তুলে ধরেন।

এনএইচ