এ কর্মসূচির কারণে পাবনার সঙ্গে রাজশাহী, কুষ্টিয়া, বগুড়া, রংপুর ও ঈশ্বরদীর মধ্যে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

আন্দোলনরত শ্রমকেরা জানান, শ্রম আইন অনুযায়ী যথাসময়ে বেতন প্রদান, সঠিক কর্মঘণ্টা নির্ধারণ, প্রভিডেন্ট ফান্ড চালু, কর্মক্ষেত্রে দুর্ঘটনায় অঙ্গহানির শিকার শ্রমিকদের ক্ষতিপূরণ এবং সুস্থ না হওয়া পর্যন্ত স্ববেতনে চাকরিতে বহাল রাখা, নারী শ্রমিকদের ছয় মাসের স্ববেতনে মাতৃত্বকালীন ছুটি ও ভাতা নিশ্চিত করা, প্রতিষ্ঠানের অভ্যন্তরের অনিয়ম-দুর্নীতি বন্ধ এবং অভিযুক্ত কর্মকর্তাদের অপসারণসহ বিভিন্ন দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হচ্ছে।

শ্রমিক নেতা নাজমুল হোসেন বলেন, বাংলাদেশের শ্রম আইন শতভাগ বাস্তবায়ন করতে হবে। সরকারি ছুটির দিনে কারখানা বন্ধ রাখতে হবে, শ্রমিকদের যাতায়াত ফ্রি করতে হবে, খাবারের সময় ওভারটাইমের সঙ্গে যুক্ত করতে হবে, অপবাদ দিয়ে শ্রমিক ছাঁটাই বন্ধ করতে হবে এবং সরকারি সব নিয়ম অনুযায়ী এককালীন বোনাসসহ সব সুবিধা নিশ্চিত করতে হবে। অন্যথায় আমাদের আন্দোলন চলবে।” তিনি কোম্পানির দুর্নীতির সঙ্গে জড়িত কর্মকর্তাদের অপসারণেরও দাবি জানান।

খবর পেয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার ও ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন।

শ্রমিকদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরে সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রাণ-আরএফএল পাবনা প্রোডাক্টস লিমিটেডের সহকারী হিসাবরক্ষক আবু তাহের বলেন, টেকনিক্যাল ত্রুটির কারণে জুলাই মাসের বেতন প্রদানে কিছুটা বিলম্ব হয়েছে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে। যারা এখনও বেতন পাননি, তারা দ্রুতই বেতন পাবেন।

প্রতিষ্ঠানটির এজিএম জাকির হোসেন বলেন, শ্রমিকদের উত্থাপিত দাবিগুলো কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। বিষয়গুলো পর্যালোচনার জন্য আগামী সাত দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। পর্যালোচনা শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত জানানো হবে।

ঈশ্বরদী থানার ওসি মো. আশাদুর রহমান বলেন, শ্রমিকদের অবরোধের কারণে উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে সড়ক যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। কোম্পানি কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এমএম