প্রকাশিত ফলাফল অনুযায়ী, তা’মীরুল মিল্লাতের মূল ক্যাম্পাস, ঢাকা থেকে এ+ পেয়েছে ১১৫ জন, এ গ্রেড পেয়েছে ১৫৮ জন এবং এ- পেয়েছে ৬০ জন। এ ক্যাম্পাসে মোট পাসের হার ৯৪ দশমিক ৮৮ শতাংশ।

টঙ্গী ক্যাম্পাসে এ+ পেয়েছে ২৬৬ জন, এ গ্রেড পেয়েছে ৩৬৭ জন এবং এ- পেয়েছে ৩৬ জন শিক্ষার্থী।

অন্যদিকে, তা’মীরুল মিল্লাত মহিলা ক্যাম্পাসে এ+ পেয়েছে ১০৮ জন, এ গ্রেড পেয়েছে ১৫১ জন এবং এ- পেয়েছে ৪৩ জন। এ ক্যাম্পাসে মোট পাসের হার ৯২ দশমিক ৫৩ শতাংশ।

ফল প্রকাশের পর প্রতিষ্ঠানটির বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। তারা এ সাফল্যের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুফতি খলিলুর রহমান মাদানী বলেন, পরীক্ষা শুরুর আগে শিক্ষার্থীদের নানা ধরনের মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হয়েছে। এরপরও শিক্ষার্থীদের এ ফলাফলের জন্য মহান আল্লাহর বিশেষ শুকরিয়া আদায় করছি।

তিনি বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, ধারাবাহিক মূল্যায়ন, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায়ের সম্মিলিত ফল হিসেবেই এ সাফল্য এসেছে।

অধ্যক্ষ আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা জাতীয় পর্যায়ে শিক্ষাক্ষেত্রে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা, নৈতিকতা ও যোগ্যতার সমন্বয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। জ্ঞান, নৈতিকতা ও আদর্শনির্ভর শিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষ ও সুনাগরিক গড়ে তোলার প্রত্যয় নিয়েই প্রতিষ্ঠানটি এগিয়ে যাবে।

দাখিল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন ও উৎসাহ জানাতে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকা ছাত্রসংসদের উদ্যোগে ‘কৃতী শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা–২০২৬’ আয়োজন করা হয়।

এ সময় কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। সংবর্ধনাকে ঘিরে মাদ্রাসা প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

সংশ্লিষ্টরা বলেন, শিক্ষার্থীদের অর্জনের তাৎক্ষণিক স্বীকৃতি তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল ও উচ্চতর সাফল্য অর্জনে উৎসাহিত করবে।

এস