আগামী ১৮ মার্চ পুরোপুরি চালু হচ্ছে যমুনা রেলসেতু। ৪ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ স্বতন্ত্র এ রেলসেতু দিয়ে যাতায়াতে ট্রেন যাত্রীদের গুনতে হবে বাড়তি ভাড়া। নতুন ভাড়া ১৯ মার্চ থেকে কার্যকর হবে। আসনভেদে ভাড়া বাড়বে ৪৫ থেকে ১৬০ টাকা পর্যন্ত। আজ রোববার (৯ মার্চ) এ তথ্য জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম।

সাধারণত রেলপথে কোনো সেতু বা সমজাতীয় কোনো স্থাপনা থাকলে সেটি ব্যবহারের জন্য যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের নিয়ম রয়েছে। রেলের ভাষায় এটাকে বলা হয় পন্টেজ চার্জ।

রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, যমুনা বহুমুখী সেতু দিয়ে যাতায়াতেও পন্টেজ চার্জ আদায় করা হতো।

তাহলে নতুন সেতুতে কেন ভাড়া বাড়ছে, এমন প্রশ্নে তারা জানিয়েছেন, ‘পদ্মা সেতু চালুর সময় পন্টেজ চার্জ বাড়ানো হয়। আগে পন্টেজ চার্জ ছিল ১৬ দশমিক ৮ গুণ। সেটি বাড়িয়ে ২৫ গুণ করা হয়। তবে যমুনা বহুমুখী সেতুতে আগের হারেই এতদিন ভাড়া আদায় হচ্ছিল। নতুন রেলসেতুতে নতুন ভাড়া কার্যকর হবে।’

রেলের কর্মকর্তারা জানান, আগের হারে ৪ দশমিক ৮ কিলোমিটার সেতুর সঙ্গে পন্টেজ চার্জ যোগ করে দৈর্ঘ্য দাঁড়াত প্রায় ৮১ কিলোমিটার। বর্তমান হার অনুযায়ী দৈর্ঘ্য হবে ১২০ কিলোমিটার। নতুন হারে সেতুর দৈর্ঘ্য ৩৯ কিলোমিটার বেড়েছে, সে হারে ভাড়াও বাড়ছে।

ঢাকা-রাজশাহী রুটে আন্তনগর ট্রেনে শোভন চেয়ার আসনের (নন-এসি) বর্তমান ভাড়া ৪০৫ টাকা। ১৯ মার্চ থেকে শোভন চেয়ারের ভাড়া হবে ৪৫০ টাকা। একইভাবে সিন্ধা আসনে ৭৭১ টাকা থেকে বেড়ে ৮৬৩ টাকা, এসি সিটে ৯২৬ টাকা থেকে বেড়ে ১ হাজার ৩৫ টাকা ও এসি বার্থে ১ হাজার ৩৮৬ টাকা থেকে বেড়ে নতুন ভাড়া হবে ১ হাজার ৫৪৭ টাকা। যমুনা রেলসেতু দিয়ে অন্য রুটে চলাচল করা ট্রেনগুলোর ভাড়াও একই নিয়মে বৃদ্ধি পাবে।

এমএম