প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ এবং কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে এক বছরের জন্য চুক্তিভিত্তিক চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (খুউক) চেয়ারম্যান হয়েছেন এস এম শফিকুর আলম। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মো. আবুল কালাম আজাদকে।
এ ছাড়া সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে রেজাউল হাসান লোদী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে মো. সামসুজ্জামান সামু, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে মোতাহার হোসেন তালুকদার, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে উদবাতুল বারী আবু এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে মাশুকুল ইসলাম রাজিব দায়িত্ব পেয়েছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যানদের অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে। এই শর্তে তাদের চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
অন্যদিকে, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দীনের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।
সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের উন্নয়ন কর্তৃপক্ষের নেতৃত্বে নতুন দায়িত্বপ্রাপ্তদের মাধ্যমে কার্যক্রম পরিচালনার পথ তৈরি হলো।
এনএইচ