শনিবার (১১ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত ‘নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে করা এক প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সরকার ইতোমধ্যে যারা পালিয়ে গেছে, তাদের দেশে ফিরিয়ে এনে দেশের মাটিতে বিচার সম্পন্ন করা এবং সাজা কার্যকর করার প্রক্রিয়া শুরু করেছে।’

তিনি জানান, ‘অন্তর্বর্তী সরকারের সময় থেকেই পলাতকদের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সেই প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে যেসব দেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা পলাতক রয়েছে, সেসব দেশের সঙ্গে কূটনৈতিকভাবে যোগাযোগ অব্যাহত রেখেছে। ফলে যত দ্রুত সম্ভব বিচারকার্য সম্পন্ন করা হবে।’

তিনি বলেন, ‘যাদের বিরুদ্ধে দেশে আদালতের রায় হয়েছে এবং যারা দেশের বাইরে অবস্থান করছেন, তাদের ফিরিয়ে এনে আইনের আওতায় আনার জন্য সরকার বিভিন্ন দেশের সঙ্গে জোরালো আলোচনা চালিয়ে যাচ্ছে। বিচারিক প্রক্রিয়া শেষে তাদের দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করা হবে।’

চব্বিশের জুলাই-আগস্টের আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ আন্দোলনকে পূর্ণাঙ্গ রূপ দিলেও এখন আর সেসব নারী শিক্ষার্থীদের মাঠে কিংবা কোথাও দেখা যায় না বলেও এসময় মন্তব্য করেন শামা ওবায়েদ।

বর্তমান সরকার নারী শিক্ষা ও কারিগরি শিক্ষার প্রসারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘চলতি বাজেটে নারীদের শিক্ষা খাতে সর্বাধিক বরাদ্দ রাখা হয়েছে এবং বিশেষভাবে কারিগরি শিক্ষার ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি নারীদের স্নাতক পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার পরিকল্পনাও সরকারের রয়েছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পর থেকেই বর্তমান সরকার নারী শিক্ষার উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। নারীদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য।’

অবৈধ অভিবাসন প্রসঙ্গে তিনি বলেন, ‘ইউরোপসহ বিভিন্ন দেশে দালাল চক্রের প্রলোভনে পড়ে অনেক মানুষ সাগরপথে জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি জমাচ্ছেন। এ প্রবণতা রোধে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জেলা পর্যায়ে সচেতনতামূলক নির্দেশনা দেওয়া হবে, যাতে কোনো নাগরিক দালাল চক্রের প্রতারণার শিকার না হয়।’

একই সঙ্গে বিদেশে বিপদে পড়া বাংলাদেশি কর্মীদের দ্রুত সহায়তা নিশ্চিত করতে বিভিন্ন দেশের দূতাবাসের সঙ্গে সমন্বয় জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- মুন্সিগঞ্জ-৩ আসনের এমপি মো. কামরুজ্জামান রতন, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত মানু, সিভিল সার্জন ডা. সাজেদা বেগমসহ অনেকে।

এমএম