ইবরাহীম বাহারী : যারা এখনো The Research and Analysis Wing (RAW) –ইন্ডিয়ান ন্যারেটিভ নিয়েই শিবির বিদ্বেষে পড়েছিলেন, সদ্য সমাপ্ত ডাকসু নির্বাচন তাদের দাঁতভাঙা জবাব দিয়েছে। এই নির্বাচন নিয়ে নেতিবাচক কথা বলে ছাত্রদল তাদের বিশ্ববিদ্যালয়ে সকল নৈতিক অধিকার হারিয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারির উপস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি গণেশচন্দ্র সাহস ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে প্রকাশ্যে ধমক দিয়েছেন। এ এক ভয়ংকর অনৈতিক অশোভন আচরণ। সারা বিশ্ববাসী তা দুই চোখে দেখেছে। এগুলোই ছাত্রদলের ভূমিধস পরাজয়ের কারণ। এ কারণেই যারা ছাত্রলীগ করেছিল আজ তারা পালাতে বাধ্য হয়েছে। তাদের সকল বদ বৈশিষ্ট্যগুলো কি এখন ছাত্রদলের ওপর আছর করেছে? বিএনপি এবং ছাত্রদলকে অবশ্যই বুঝতে হবে জেন জি প্রজন্ম তাদের প্রত্যাখ্যান করেছে কেন?

ইন্ডিয়ান ন্যারেটিভের বিরুদ্ধে জুলাই যুদ্ধ হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং উন্নয়ন ও সমৃদ্ধির পথে বর্তমানে একমাত্র বাধা হচ্ছে ইন্ডিয়ান ন্যারেটিভ। জুলাইয়ে পরাজিতরা ইন্ডিয়াতে গুজরাটের কসাইয়ের পায়ের তলায় আশ্রয় নিতে বাধ্য হয়েছে। বিজয়ীদের একটি অংশ পরাজিতদের স্থান দখল করেছে। তাদের ভাষায়, তাদের মুখেই এরা এখন কথা বলছে। তাদের চরিত্রেই নিজেদের চিত্রিত করছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের সবচেয়ে মেধাবী এবং যোগ্যতাসম্পন্ন ছাত্রছাত্রী। তাঁরাই জুলাই বিপ্লবের মতো ভূমিধস বিজয় এনে দিয়েছে ইসলামী ছাত্রশিবিরকে। ভারতের শেখানো চেতনাবাজদের মুখে কুলুপ এঁটে দিয়েছেন। বুঝতে হবে এ প্রজন্ম তাদের বস্তাপচা ইন্ডিয়ান ন্যারেটিভ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। ইন্ডিয়ার সে ন্যারেটিভে নেই দেশপ্রেম, নেই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার শপথ, নেই দেশের অর্থনৈতিক উন্নয়নের কোনো পরিকল্পনা, নেই দেশের মানুষের জীবন ও মান উন্নয়নের কোনো প্ল্যান, নেই কোটি কোটি বেকার যুবকের কর্মসংস্থানের কোনো পরিকল্পনা, নেই দেশের স্বাধীন পররাষ্ট্রনীতি, নেই দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে শত্রু মোকাবেলার মতো দক্ষ করে গড়ে তোলার কোনো প্ল্যান, নেই ১৮ কোটি মানুষের জীবনমানের উন্নয়নের টার্গেট, কর্মসংস্থান তৈরি, শিক্ষা-চিকিৎসা-বাসস্থানের মৌলিক নিশ্চয়তার কোনো ব্যবস্থা।

আছে শুধুমাত্র দেশের জনগণকে বিভক্ত করা, আছে ধর্মীয় অনুভূতি ধ্বংস করে দিয়ে জাতিকে স্বাধীনতার পক্ষ-বিপক্ষ বানিয়ে একদলকে দিয়ে আরেক দলকে হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, খুন-গুম, লুটপাট, টাকা পাচার, মাফিয়া তন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশের উন্নতিকে দমিয়ে রাখা। আছে চেতনার দোহাই দিয়ে প্রতিবেশী রাষ্ট্রের উপর নির্ভর করে রাখা, আছে প্রতিবেশী রাষ্ট্রের তাবেদার বানিয়ে রাখা। আছে স্বপ্ন দমিয়ে রেখে পুরো জাতিকে গোলাম বানিয়ে রাখার সুদূরপ্রসারী মাস্টারপ্ল্যান।

ছাত্রশিবিরের অতুলনীয় প্রশংসনীয় গুণগুলো খুঁজে দেখুন। নিজের জীবন, সমাজ ও রাষ্ট্র পরিবর্তন হয়ে যাবে। বর্তমানে পঙ্কিলতাযুক্ত আকাশসংস্কৃতি, ইয়াবা-মাদকের ছোবল, নৈতিক অবক্ষয়ের যুগে সমাজে আমাদের মতো বহু অভিভাবক তার সন্তানকে শিবিরে ভর্তি করে দিয়ে নিজে চাপমুক্ত থাকতে পারেন। মনে করেন আমার সন্তানকে শিক্ষাপ্রতিষ্ঠানে, সমাজে, বন্ধু-বান্ধবের আড্ডায়, নৈতিক ও ধর্মপালনসহ সর্বত্র রক্ষার দায়িত্ব ছাত্রশিবিরের। শিবির আমার সন্তানকে আমার থেকেও দক্ষ, কর্মঠ, উন্নত ক্যারিয়ারে গড়ে তুলবে।

শিবির চরিত্রবান, মেধাবী, যোগ্যতাসম্পন্ন, পরিশ্রমী, সমাজ এবং শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় দক্ষ, পরোপকারী, নিরহংকারী, দয়ালু, ধর্মীয় অনুশাসন অনুকরণীয়, অধূমপায়ী, মাদকাসক্তিমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, দখলবাজমুক্ত, ইভটিজিং মুক্ত, ধর্ষক নয়, আমানতদার—অর্থাৎ মানবিক, নৈতিক, জৈবিক এবং সামাজিক সকল প্রয়োজনীয় গুণ শিবিরের মাঝে আছে। অপ্রয়োজনীয় গুণ শিবির পরিত্যাগ করতে পেরেছে। শিবির হচ্ছে জুয়েল এবং নৈতিকতার তরীর কারখানা। এমন সোনার ছেলেদের সংগঠন ছাত্রশিবিরের প্রতিনিধিদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে শিক্ষার্থীরা ভোট দিয়ে বিজয়ী করে নিজেদের সম্মানই বৃদ্ধি করেছে।

এই শিবিরকে আদর্শিকভাবে মোকাবিলা ব্যর্থ হয়ে শুধুমাত্র ভারতের শেখানো চেতনার ট্যাগ দিয়ে পরাজিত করা কখনোই সম্ভব নয়। তার সর্বশেষ নজির হচ্ছে ডাকসুতে শিবিরের ভূমিধস বিজয়। আলহামদুলিল্লাহ, নতুন বাংলাদেশের স্বপ্নসিঁড়ি আরেক ধাপ।

লেখক: কথাসাহিত্যিক ও প্রবন্ধকার

সেক্রেটারি, বাংলাদেশ কালচার একাডেমি

ইবরাহীম বাহারী

এনএইচ