সোমবার (২০ জুলাই) রাজধানীর উত্তরায় আইইউবিএটি (IUBAT) বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি এবং তারুণ্যের স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, জুলাই সনদ নিয়ে সব রাজনৈতিক দলকে এক টেবিলে বসে আলোচনা করতে হবে। প্রয়োজনে এতে সংযোজন বা সংশোধন করে সংসদে আইন পাস এবং সংবিধান সংশোধনের মাধ্যমে সনদকে পূর্ণাঙ্গ রূপ দিতে হবে।
তার ভাষ্য, এ কাজ দ্রুত সম্পন্ন করা জরুরি। কারণ বিভিন্ন সুযোগ কাজে লাগিয়ে গণতন্ত্রবিরোধী শক্তি আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করতে পারে। দেশি-বিদেশি নানা সহযোগিতা নিয়ে তারা পুনরায় অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, ওই আন্দোলনের মাধ্যমে দেশ একটি স্বৈরশাসনের হাত থেকে মুক্ত হয়েছে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। বর্তমানে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে এবং সরকারের সমালোচনা করলেও গুম বা বিচারবহির্ভূত হত্যার শঙ্কা আগের তুলনায় নেই বলেও উল্লেখ করেন তিনি।
রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম সমঝোতার ওপর গুরুত্বারোপ করে রিজভী বলেন, রাষ্ট্রীয় গণতন্ত্রের পূর্ণ বিকাশে যেসব কাজ বাকি রয়েছে, সেগুলো দ্রুত সম্পন্ন করতে হবে। পাশাপাশি জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐকমত্য থাকা প্রয়োজন। অন্যথায় দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব আবারও হুমকির মুখে পড়তে পারে।
জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করে তিনি বলেন, শহীদ মুগ্ধের ‘পানি লাগবে, পানি?’ এই আহ্বান শুধু একটি বাক্য নয়, বরং আন্দোলনের আত্মত্যাগ ও মানবিকতার এক অনন্য প্রতীক। এসব আত্মত্যাগ জাতি কখনও ভুলবে না।
সাবেক সরকারের সমালোচনা করে রিজভী অভিযোগ করেন, অতীতের সরকার নির্বাচন কমিশন, বিচার বিভাগ ও অন্যান্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দুর্বল করে দিয়েছিল। গণমাধ্যমের স্বাধীনতা সীমিত করা হয়েছিল এবং বিচার ব্যবস্থাকেও রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও অভিযোগ করেন, ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক শক্তিকে দমন করা হয়েছিল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন কারাবন্দি রেখে রাজনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা চালানো হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) নেতা প্রকৌশলী আবু সাঈদ চঞ্চল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ড. জাহিদুল কবিরসহ বিভিন্ন রাজনৈতিক নেতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এস