সোমবার (১০ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ ইসি সচিব আখতার আহমেদের কাছ থেকে মনোনয়ন ফরম নেন।

এ সময় বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল আব্দুল বাতেন (অব.), ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল হোসেনসহ ১১ দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে রোববার রাজধানীর মিন্টো রোডে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সেখানে রাষ্ট্রপতি নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে অলি আহমদের নাম সর্বসম্মতভাবে চূড়ান্ত করা হয়।

বৈঠক শেষে ডা. শফিকুর রহমান বলেন, গণতন্ত্রের সৌন্দর্য ও সুস্থ ধারা ফিরিয়ে আনতে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ১১ দলীয় ঐক্য। এ জন্য বর্ষীয়ান রাজনীতিবিদ ও এলডিপির চেয়ারম্যান অলি আহমদকে প্রার্থী করা হয়েছে।

মনোনয়ন পাওয়ার পর অলি আহমদ ১১ দলীয় ঐক্যের নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, মুক্তিযোদ্ধা হিসেবে তার ভূমিকা, রাজনৈতিক অভিজ্ঞতা এবং তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ না থাকাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে জোটের নেতারা তাকে প্রার্থী করেছেন।

অলি আহমদ বলেন, নির্বাচনে জয়-পরাজয়ই মূল বিষয় নয়। জনগণের স্বার্থ রক্ষা এবং দেশের মানুষের জন্য কল্যাণকর কাজ করাই তার প্রধান লক্ষ্য।

তিনি বলেন, তিনি জনগণ ও ১১ দলের সঙ্গে বেঈমানি করবেন না এবং দেশের মানুষের স্বার্থে সবসময় কাজ করে যাবেন।

এস