ইউটিউব অ্যাপে 'ডাটা সেভার' নামে একটি বিশেষ অপশন রয়েছে। এর কাজ হলো ভিডিওর মান বা কোয়ালিটি এমনভাবে নিয়ন্ত্রণ করা, যাতে কম ইন্টারনেট ডাটা খরচ হয়। এই ফিচার চালু থাকলে ভিডিও তুলনামূলক কম রেজুলেশনের চলে। স্মার্টফোনের ছোট স্ক্রিনে অনেক সময় ভিডিওর মানের এই পার্থক্য খুব সহজে চোখে পড়ে না, কিন্তু ডাটা সাশ্রয়ে এর প্রভাব বেশ ভালোভাবেই বোঝা যায়।

এই ফিচার চালু করার উপায় খুব সহজ। প্রথমে আপনার স্মার্টফোনে ইউটিউব অ্যাপটি খুলুন। এরপর উপরের ডানদিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করে সেটিংস অপশনে যান। সেখানে 'ডাটা সেভিং' অপশনটি খুঁজে নিন এবং 'ডাটা সেভার' মোডটি চালু করে দিন। এরপর থেকে ইউটিউব ভিডিও চালানোর সময় স্বয়ংক্রিয়ভাবে কম ডাটা ব্যবহার করার চেষ্টা করবে।

অনেকেরই প্রশ্ন থাকতে পারে, কেন এই ফিচারের প্রয়োজন? আসলে অনেক সময় ইউটিউব ইন্টারনেটের গতির ওপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওর মান বাড়িয়ে দেয়। নেটওয়ার্ক ভালো থাকলে ভিডিও ৭২০পি বা ১০৮০পি রেজুলেশনের চলতে শুরু করে। এতে ভিডিও পরিষ্কার দেখালেও ডেটা খরচ অনেক বেড়ে যায়। আপনি যদি প্রতিদিন শর্টস দেখেন বা দীর্ঘ পডকাস্ট শোনেন, তবে এই ফিচারটি আপনার দৈনিক ডেটা সীমা শেষ হওয়া থেকে বাঁচাতে পারে।

ডাটা বাঁচাতে আরও কিছু কার্যকর কৌশল অবলম্বন করতে পারেন। যেমন, অটো-প্লে অপশনটি বন্ধ রাখা। এটি চালু থাকলে একটি ভিডিও শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পরবর্তী ভিডিও স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়, যা অজান্তেই প্রচুর ডাটা খরচ করে। এছাড়া ওয়াইফাই সংযোগ থাকা অবস্থায় পছন্দের ভিডিও ডাউনলোড করে রাখতে পারেন, যাতে পরে ইন্টারনেট ছাড়াই সেগুলো দেখা যায়। আবার অনেক সময় ডেটা সেভার সব ক্ষেত্রে যথেষ্ট কার্যকর না হলে, ভিডিও সেটিংসে গিয়ে সরাসরি ৩৬০পি বা ৪৮০পি রেজুলেশন বেছে নিতে পারেন। মোবাইল ডাটার খরচ বাড়ার এই সময়ে ছোট ছোট এই সেটিংসগুলো বড় ধরনের সাশ্রয় করতে সাহায্য করবে।

এমএম