বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জিকে কুপিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার রাত ২টার দিকে বরিশাল নগরের কালিবাড়ি রোডে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সুভল মুখার্জি নামে এক ব্যক্তি আটক করেছে পুলিশ। এছাড়া বরিশাল কলেজের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দা উদ্ধার করা হয়েছে।
পুলক চ্যাটার্জি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পুলক চ্যাটার্জির বরাত দিয়ে কয়েকজন জানান, রাতে অফিসের কাজ শেষ করে কালিবাড়ি রোডের বরিশাল কলেজ সংলগ্ন বাসায় ফিরছিলেন পুলক। এসময় একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
বরিশাল কোতোয়ালি থানার অফিসার ইন চার্জ (ওসি) শাখাওয়াত জানান, জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। প্রকৃত হামলাকারীদের আটক করার চেষ্টা চলছে।
ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





