ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সাংবাদিকতায় বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল সংবাদ পরিবেশনের জন্য ‘এমটিবি-ডুয়া ক্যাম্পাস জার্নালিজম অ্যাওয়ার্ড-২০১৪’ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় প্রতিবেদক।
ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বুধবার সকালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাইনাই এসোসিয়েশনের (ডুয়া) যৌথ উদ্যোগে এ পুরস্কার প্রদান করা হয়।
অনলাইন ও প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করা হয়। ইলেক্ট্রনিক্স মিডিয়া ক্যাটাগরিতে পুরস্কার প্রদানের কথা থাকলেও কোনো আবেদন জমা পড়েনি।
প্রিন্ট ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেন যায়যায়দিন পত্রিকার মতিউর তানিফ, দ্বিতীয় হন বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ফরহাদ হাসান, তৃতীয় আমাদের সময় পত্রিকার সানাউল হক সানি ও চতুর্থ হন নয়াদিগন্ত পত্রিকার তৌহিদুর রহমান।
এছাড়া অনলাইন ক্যাটাগরিতে প্রথম হয়েছেন বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের মাহমুদুল হাসান এবং দ্বিতীয় হয়েছেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সুজন মন্ডল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমিরেটাস প্রফেসর ড. সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি পুরস্কৃতদের হাতে একটি করে চেক, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। প্রথম স্থান অধিকারী পেয়েছেন একটি ২৫ হাজার টাকার চেক। দ্বিতীয় স্থান অধিকারী পেয়েছেন ১৫ হাজার টাকা, তৃতীয় স্থান অধিকারী পেয়েছেন ১২ হাজার টাকা এবং ৪র্থ স্থান অধিকারী পেয়েছেন ১০ হাজার টাকার চেক ও একটি করে ক্রেস্ট ও সনদ।
সিরাজুল ইসলাম বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য নিরেপক্ষতার বিকল্প নেই। আজ সাংবাদিকরা ঐক্যবদ্ধ নন। ঢাকা রিপোর্টার্স ইউনিয়ন আজ দুভাগে বিভক্ত। এটি অত্যন্ত দুঃখজনক।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় সকলের একতা ছিল বলেই আইয়ুব সরকারের পতন হয়েছে। সকলে ঐক্যবদ্ধভাবে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের কারণে দেশের স্বাধীনতা ত্বরান্বিত হয়েছে।
দীর্ঘ ২২ বছর যাবত ঢাবি ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন হচ্ছে না উল্লেখ করে সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশের ইতিহাসে ডাকসুর অবদান অনস্বীকার্য। এর মাধ্যমে যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্বের সৃষ্টি হবে যা বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সাহসী ভূমিকা পালন করবে। তিনি দ্রুত ডাকসু নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সাংবাদিকতার নীতিমালায় মূল তথ্যের কোনোরকম বিকৃতি গ্রহণযোগ্য নয়। গণমাধ্যমের স্বাধীনতার অর্থ মালিক, সম্পাদক বা সাংবাদিকের স্বাধীনতা নয়। এর প্রকৃত অর্থ সাধারণ মানুষের অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা। পজেটিভ রিপোর্টিংয়ের মাধ্যমে জাতিকে অনুপ্রাণিত করার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশনের (ডুয়া) সভাপতি রকিব উদ্দিন আহমদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান, অ্যাওয়ার্ড বাছাই কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম। এছাড়া ঢাবি এলামনাই এসোসিয়েশনের মহাসচিব দেওয়ান রাশিদুল হাসান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) বিভিন্ন কর্মকর্তাসহ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ক্যাম্পাসভিত্তিক তরুণ সাংবাদিকদের উৎসাহিত করার লক্ষ্যে এমটিবির সাবেক চেয়ারম্যান ও ব্যবসায়িক উদ্যোক্তা প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর নামকে স্মরণীয় করে রাখতে এ বছর থেকে এ অ্যাওয়ার্ড চালু করা হয়েছে।
কেএইচ





