বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদের গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে যশোরে সমাবেশ করেছেন সাংবাদিকরা।

প্রেসক্লাব যশোর অডিটরিয়ামে বুধবার সকালে এ সমাবেশের আয়োজন করে সাংবাদিক ইউনিয়ন যশোর।

এ সময় সাংবাদিক নেতারা বলেন, কথা বলা আর লেখার ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। যে কারণে শহীদ পরিবারের সন্তান সাংবাদিক প্রবীর সিকদার রেহাই পাননি। একই কারণে গ্রেফতার হয়েছেন প্রথিতযশা সাংবাদিক শওকত মাহমুদ।

সমাবেশে বিএফইউজে নির্বাহী কমিটির সদস্য আনোয়ারুল কবীর নান্টু বলেন, ‘গণতন্ত্রে সংকট হলে দেশে সাংবাদিকতার ওপর খড়্গ নেমে আসে। বর্তমানে দেশে একটা অস্থির, গুমোট আর দুর্বিষহ পরিবেশ বিরাজ করছে।’

সাংবাদিক ইউনিয়ন যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএফইউজের সাবেক নেতা ফকির শওকত এ অসহনীয় পরিবেশ থেকে উত্তরণে সাংবাদিকদের ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

সংগঠনটির সভাপতি নূর ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি মহিদুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক এম আইউব, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান, বিএম আসাদ প্রমুখ।

সমাবেশে বক্তারা অবিলম্বে সাংবাদিক নেতা শওকত মাহমুদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। একইসঙ্গে তারা স্বাধীন মত প্রকাশে যে বাধা সৃষ্টি করা হচ্ছে, তা অপসারণের জন্য সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এএইচ