‘সরকাবিরোধী প্রচার ও গুজব ছড়ানোর’ অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। গ্রেফতারদের একজন কার্টুনিস্ট ও অন্যজন লেখালেখির সঙ্গে জড়িত। ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রমনা থানায় মামলা করেছে।

ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও লেখক মুশতাক আহমেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা এই আদেশ দেন। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জিআরও বলেন, ‘আজ ঢাকার চিফ মেট্রেপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার উপপরিদর্শক (এসআই) জামশেদুল ইসলাম কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে তাঁদের পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

এর আগে গতকাল মঙ্গলবার কার্টুনিস্ট কিশোরকে রাজধানীর কাকরাইল ও লেখক মুশতাককে লালমাটিয়ার বাসা থেকে আটক করে র‌্যাবের একটি দল। এরপর তাঁদের রমনা থানায় হস্তান্তর করা হয়।

মামলার নথি থেকে জানা গেছে, ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে তাঁদের দুজনসহ ১১ জনের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, কার্টুনিস্ট কিশোর তাঁর ‘আমি কিশোর’ ফেসবুক অ্যাকাউন্টে দেশের করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারের ভূমিকা নিয়ে বিভিন্ন সমালোচনামূলক কার্টুন-পোস্টার পোস্ট করতেন। আর মুশতাক তাঁর ফেসবুক অ্যাকাউন্টে কিশোরের সেসব পোস্টের কয়েকটি শেয়ার করেছিলেন বলে অভিযোগে আনা হয়েছে।

এএস