মীর হেলাল উদ্দিন আরো বলেন, দেশের স্থিতিশীলতা রক্ষায় সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উদ্দেশ্যমূলকভাবে সংবাদ প্রকাশের মাধ্যমে অস্থিতিশীলতায় উসকানি দিলে গোটা দেশ ক্ষতিগ্রস্ত হবে। পক্ষান্তরে ওই গণমাধ্যমও ক্ষতিগ্রস্ত হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির জামাল।
কাদের গণি চৌধুরী বলেন, দাসত্বের সাংবাদিকতাকে মানুষ মনে-প্রাণে ঘৃণা করে। দাসত্বের সাংবাদিকতার কারণেই ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত হয়েছে। আমাদের এত গণমাধ্যম থাকা সত্ত্বেও আয়নাঘরের খবর জানতে হয়েছে বিদেশি গণমাধ্যমের মাধ্যমে। ১৭ বছর ধরে যারা দাস সাংবাদিকতার চর্চা করেছেন, তাঁরা এখন লোকচক্ষুর অন্তরালে অবস্থান করে প্রকাশ্যে আসতে লজ্জা পাচ্ছেন। আমাদের যেন সেই পরিণতি ভোগ করতে না হয়, সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি আরো বলেন, বর্তমানে অপসাংবাদিকদের প্রভাব বেড়েছে। এ অবস্থা থেকে বের হতে হলে সরকারের উদ্যোগে প্রকৃত সাংবাদিকদের তালিকা প্রণয়নের আহ্বান জানান তিনি।
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির জামাল বলেন, সাংবাদিকদের কল্যাণে উল্লেখযোগ্য প্রকল্প ও পরিকল্পনার প্রায় সবই বিএনপি সরকার গ্রহণ করেছে। আগে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সব সহযোগিতা শুধু একটি রাজনৈতিক দলের অনুসারী সাংবাদিকরাই পেতেন। কিন্তু বর্তমানে সেই প্রবণতা ভেঙে দেওয়া হয়েছে।
তিনি বলেন, পেশাদার ও অসচ্ছল সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ৬৫ বছরের বেশি বয়সী অসচ্ছল সাংবাদিকদের জন্য মাসিক ভাতা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান ২৫ কোটি টাকায় উন্নীত করার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, বর্তমানে অসুস্থ সাংবাদিকদের চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে সহায়তা দেওয়া হচ্ছে।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদসহ বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন জেলার সাংবাদিক নেতারা।
সভা শেষে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি ও বান্দরবানের ২০ জন অসচ্ছল ও অসুস্থ সাংবাদিকের মধ্যে সহযোগিতার চেক বিতরণ করা হয়।
এমএম











