বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের (বিএফইউজে) সভাপতি শওকত মাহমুদকে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার শওকত মাহমুদকে আদালতে হাজির করে রামপুরা থানায় দায়ের করা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখ এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ ছাড়া ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন পল্টন থানায় দায়ের করা এক মামলা এবং মতিঝিল থানায় দায়ের করা দুই মামলায় পুলিশের মোট ৩০ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
২০১৫ সালের শুরুতে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে মামলাগুলো করা হয়।
এর আগে, ২৭ আগস্ট লাগবাগ থানার নাশকতার মামলায় ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমান এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
২৪ আগস্ট পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা আট মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালত। এর আগে ২০১৫ সালের ১৯ আগস্ট রমনা থানার নাশকতা মামলায় শওকত মাহমুদকে তিন দিনের রিমান্ড দেন একই আদালত।
১৮ আগস্ট বেলা ১১টার দিকে রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারের গেট থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।সেখানে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত (পরাজিত) প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে আদর্শ ঢাকা আন্দোলনের নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন হবার কথা ছিল।
শওকত মাহমুদ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও আদর্শ ঢাকা আন্দোলনের সদস্য সচিব।
কেএইচ





