বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি শওকত মাহমুদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। তা না হলে সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তারা এ হুঁশিয়ারি দেন। পরে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন ও হাইকোর্ট মোড় হয়ে ফের প্রেসক্লাবে এসে শেষ হয়।
বিএফইউজের সিনিয়র সহ-সভাপতি এম আবদুল্লাহ’র সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন গাজী, বিএফইউজের মহাসচিব এমএ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কবি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, যুগ্ম সম্পাদক কাদের গণি চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসিন ও সাধারণ সম্পাদক মীর আহমেদ মীরু, ডিইউজে সহ-সভাপতি সৈয়দ আলী আসফার, বিএফইউজের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, ডিইউজের সাংগঠনিক সম্পাদক শাহীন হাসনাত প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিইউজের নির্বাহী পরিষদের সদস্য ইরফানুল হক নাহিদ।
জেএ





