সংবাদপত্রে সরকার, এমনকি রাষ্ট্রপতির সমালোচনা করতেও বাধা নেই। কিন্তু তা যেন তথ্যভিত্তিক হয়। কোনোভাবেই যেন একপেশে না হয়। গঠনমূলক সমালোচনা সরকার পরিচালনা ও জাতিগঠনে সঠিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ।
শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইংরেজি দৈনিক ‘ডেইলি স্টার’ এর ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, “সেলফ সেন্সসরশিপকে কাজে লাগাতে হবে। বাইরের কেউ যাতে গণমাধ্যমের ব্যাপারে হস্তক্ষেপ করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতেও গণমাধ্যমকে কাজ করতে হবে।
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, মনে রাখতে হবে, স্বাধীনতা মানে যা ইচ্ছে তা করা বা যথেচ্ছাচার নয়। একজনের স্বাধীনতার জন্য অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার কেউ কাউকে দেয়নি। তাই দায়িত্ব পালনকালে আপনাদেরকে সচেতন হতে হবে।
এসএইচ





