সোমবার (২৬ অক্টোবর) সকালে বঙ্গভবন পরিদর্শনে আসা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি জারি হওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণসংক্রান্ত নীতিমালা ২০২৬’-এর আওতায় প্রথমবারের মতো মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বঙ্গভবন পরিদর্শন করেন। কলেজের অধ্যক্ষ অধ্যাপক লাল মোহাম্মদের নেতৃত্বে সপ্তম থেকে নবম শ্রেণির নির্বাচিত মেধাবী শিক্ষার্থী ও শিক্ষকেরা এ পরিদর্শনে অংশ নেন।

পরিদর্শনকালে শিক্ষার্থীরা বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। পরে দরবার হলে রাষ্ট্রপতি তাঁদের উদ্দেশে বক্তব্য দেন এবং ফটোসেশনে অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় ও অনানুষ্ঠানিক আলাপচারিতার সুযোগ পান।

বক্তব্যে রাষ্ট্রপতি শিক্ষার্থীদের গুরুজন ও শিক্ষকদের সম্মান করার পাশাপাশি সন্তানদের জন্য বাবা-মায়ের আত্মত্যাগের কথা স্মরণ রেখে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

তিনি বলেন, বাবা-মা, শিক্ষক ও মুরব্বিদের সব সময় সম্মান করতে হবে। নিজেদের সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে একদিকে যেমন বাবা-মায়ের স্বপ্ন পূরণ হবে, অন্যদিকে জাতির প্রত্যাশাও পূরণ হবে।

রাষ্ট্রপতি বলেন, বঙ্গভবন শুধু একটি ভবন নয়; এটি রাষ্ট্রের প্রতীক ও ইতিহাসের সাক্ষী। ভবিষ্যতে পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বঙ্গভবন পরিদর্শনে আনা হবে বলেও জানান তিনি।

শিক্ষার্থীদের বঙ্গভবন ও রাষ্ট্রের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে আগ্রহী করে তোলা এবং ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে ভাবতে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি।

বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিশিক্ষায় দক্ষতা অর্জনের পাশাপাশি নতুন নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিব, প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এস