শনিবার (২০ জুন) সকালে ঢাকা ক্লাবে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চিফ প্রসিকিউটর জানান, বর্তমানে দুটি ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম চলছে এবং প্রায় ৩০টি মামলা বিচারাধীন রয়েছে। একই সঙ্গে নতুন নতুন মামলাও জমা পড়ছে। একটি মামলা নিষ্পত্তি করতে গড়ে তিন থেকে চার মাস সময় লাগে। ফলে বিচারাধীন মামলার সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে অদূর ভবিষ্যতে বিদ্যমান দুই ট্রাইব্যুনালের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, বিচারকার্য স্বাভাবিক ও আইনানুগ গতিতেই পরিচালিত হচ্ছে। তবে মামলার জট এড়াতে এবং দ্রুত বিচার নিশ্চিত করতে ট্রাইব্যুনাল ও প্রসিকিউশন টিমের সংখ্যা বাড়ানোর বিষয়ে ভাবতে হবে। প্রয়োজনে তদন্ত সংস্থার জনবলও বৃদ্ধি করা হতে পারে।
দায়িত্ব গ্রহণের পর বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে কয়েকটি মামলা পুনঃতদন্তে পাঠানো হয়েছে বলেও জানান আমিনুল ইসলাম। তিনি বলেন, এখন পর্যন্ত পাঁচ থেকে ছয়টি মামলা পুনঃতদন্তের জন্য ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে কয়েকটির নতুন তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে জমা পড়েছে।
চিফ প্রসিকিউটর আরও বলেন, কোনো নিরীহ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন এবং কোনো অপরাধী যাতে দায়মুক্তি না পান, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রতিটি অভিযোগ যাচাই-বাছাই করে তদন্ত প্রতিবেদন গ্রহণ করা হচ্ছে, যাতে বিচার প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের বিতর্ক বা প্রশ্নের অবকাশ না থাকে।
তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমকে গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও প্রশ্নাতীত রাখতে প্রসিকিউশন সর্বোচ্চ সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
এসআরএফ সভাপতি মাসউদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম সঞ্চালনা করেন। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনিরসহ আইন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এমএম