শনিবার দিবাগত রাতে অনলাইনে জুম ও ফেসবুকে বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দেশবরেণ্য আলেমেদ্বীন আল্লামা সাইয়্যেদ কামাল উদ্দীন আব্দুল্লাহ জাফরী।
আল্লামা সাইয়্যেদ কামাল উদ্দীন আব্দুল্লাহ জাফরী সাহেব বলেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মতো একজন কোরআন মুখপাত্রকে আমরা হারিয়েছি। আল্লামা সাঈদী এদেশে ইসলামী সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখতেন। তার এই স্বপ্ন পূরণে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা আজকে দোয়া করি মহান আল্লাহ যেন তাকে জান্নাতের উত্তম স্থান দান করেন। আমাদের নতুন প্রজন্মের কাছে আবেদন রেখে যাই, আল কোরআনুল কারীম নিয়ে তিনি ছিলেন খ্যাত। তিনি কোরআনের ব্যাখ্যাদাতা হিসেবে সুপরিচিত ছিলেন। কাজেই আমরা যেন আল কোরআনের পথেই থাকি। কারণ কেয়ামত পর্যন্ত মহান আল্লাহ তায়ালা তার কোরআনকে মানুষের হেদায়াতের জন্য, মানবতার কল্যাণের জন্য সমুন্নত রাখবেন। আমরা যেন কোরআনের পথের পথিক থাকি। এটাই ছিল মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর দেখানো পথ ও মূল কথা। মানুষের যাবতীয় সমস্যার সমাধান রয়েছে কোরআনে। আমরা সেখান থেকেই গবেষণা করে সকল কিছু খোঁজার চেষ্টা করি। সাঈদীকে হারানোর যন্ত্রণা আমরা ভুলতে পারি না। এর জন্যই আমরা দেলাওয়ার হোসাইন সাঈদীর জন্য প্রাণভরে দোয়া করি। তার মা-বাবা, পরিবার, সন্তান সবার কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবেদন করছি।
মাওলানা তারেক মনোয়ার বলেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সারা পৃথিবীর মাঝে শ্রদ্ধার পাত্র ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ‘তোমরা আমাকে ভয় করো এবং সত্যবাদিদের সাথে থাকো।’ প্রিয় বাউফলবাসী আপনারা জানেন, আসলে কারা সত্যবাদি। রাসূল সা: বলেছেন, ‘যারা কোরআন থেকে কথা বলে তারাই সত্যবাদি। যারা কোরআনের বিধান দিয়ে বিচার কাজ ফায়সালা করে তারাই হকের পথে রয়েছে। আল্লাহর কুরআনের বিধানের বাহিরে যতগুলো মত, পথ, দল গোষ্ঠী আছে সবগুলোই ভ্রান্ত। সুতরাং আমাদের কোরআনের পথে ফিরে আসতে হবে।
শামীম বিন সাঈদী বলেন, ‘আল্লামা সাঈদী আমাদের বাবা, কিন্তু তিনি গোটা বাংলাদেশের মানুষের সম্পদ ছিলেন। পবিত্র কোরআনের দাওয়াত তিনি গোটা বাংলাদেশসহ পৃথিবীর নানা দেশে পৌঁছিয়েছেন। দেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রাম-গঞ্জের মানুষের কাছে সাঈদী ছিলেন একটি ভালোবাসার নাম। হাজারো বাধা মড়িয়ে তিনি সবখানে কোরআনের আহ্বান পৌঁছাতেন। তিনি আপনাদের পটুয়াখালী বাউফল নিয়ে স্বপ্ন দেখতেন। সেখানে কোরআনের সমাজ বিনির্মাণের কথা ব্যক্ত করতেন।’
পুলিশের ডিআইজি (অবসরপ্রাপ্ত) আনোয়ার হোসেন বলেন, সাঈদী সাহেবের সকল ভালো কাজগুলো মহান আল্লাহ কবুল করুন। তার স্বপ্নের আলোকে আমাদের প্রিয় বাউফলে একটা সৎ নেতৃত্ব আমরা প্রত্যাশা করি। শুধু বাউফল উপজেলা নয়, আজ সারা বাংলাদেশেই সৎ নেতৃত্ব প্রয়োজন।
সভাপতির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, মহান আল্লাহ তায়াল আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে এক বিশেষ গুণে গুণান্বিত করেছিলেন। তার সবচেয়ে বড় গুণ ছিল তিনি সাংগঠনিক জীবনে নিজেকে সম্পৃক্ত রাখতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতেন। ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে তিনি নিজেকে পরিচয় দিতে গর্ববোধ করতেন। আন্দোলনের নেতৃত্বের প্রতি আনুগত্য প্রদর্শন করতে তিনি ব্যাকুল থাকতেন। আমাদের এই প্রিয় কাফেলা, প্রিয় ব্যক্তি সাঈদী কত সুন্দর তাফসির পেশ করতেন, মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। কোরআনের ভাষায় প্রাঞ্জল করে মানুষের সামনে তিনি তুলে ধরতেন। আমাদের প্রিয় বাউফল নিয়ে তিনি আশা ব্যক্ত করতেন। আমরা তার ওই স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। তাই বাউফল উপজেলাসহ পুরো বাংলাদেশে ইসলামী সমাজ বিনির্মাণের লক্ষ্যে আমরা আজ অঙ্গিকারাবদ্ধ।
অনুষ্ঠানের শেষ প্রান্তে দোয়া মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন ও সাবেক অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল গণি সাহেব।
দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা ও পুলিশের ডিআইজি (অবসরপ্রাপ্ত) আনোয়ার হোসেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন হযরত মাওলানা তারেক মনোয়ার, ছারছীনা দরবার শরীফের ছোট পীর সাহেব হযরত মাওলানা শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী, পটুয়াখালী জেলার সমাজসেবক ও সংগঠক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শাহ আলম, বাউফল সালেহিয়া সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা আব্দুল গণি, ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন হযরত মাওলানা জামাল উদ্দিন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম বিন সাঈদী, পিরোজপুর জেলার ইন্দুরকানির সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ বিন সাঈদী, বাউফল উন্নয়ন ফোরামের উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ ও সংগঠক অধ্যাপক খালিদুর রহমান, বাউফল উন্নয়ন ফোরামের অন্যতম উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক সংগঠক মাওলানা রফিকুল ইসলাম।
বাউফল উন্নয়ন ফোরামের সমন্বয়ক মুন্তাসির মুজাহিদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ফোরামের জেলা ও শহর ছাত্র উপদেষ্টা প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি





