বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ বলছে, মহাসড়কের সিরাজদিখানের নিমতলা এলাকায় থেমে থাকা পণ্যবোঝাই কাভার্ডভ্যানের পেছনে দ্রুতগতির যাত্রীবাহী মিনিবাসের ধাক্কায় দু’জন নিহত হন। এ সময় দুমড়ে-মুচড়ে যায় যাত্রীবাহী বাসটি।

এ বিষয়ে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ক্যামিলায়া সরকার জানান, দু’জন নিহত হয়েছেন। তারা হলেন - আব্দুল্লাহ পরিবহনের বাসচালকের হেলপার মো. জীবন (৪৪) ও বাস-যাত্রী মো. রায়হান (২৭)। তারা দু’জনই মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা।

এছাড়া গুরুতর আহত ব্যক্তিরা হলেন - অমিত (২৮), তাজল (২৮), প্রভাত ইসলাম (২২), মো. সাগর (৪৯), আব্দুল রহমান (১৮)-সহ ১৬ জন।

বিষয়টি নিশ্চিত করে হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী জানান, এক্সপ্রেসওয়েতে যাত্রী ছাউনিতে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় যাত্রীবাহী বাস। এ ঘটনায় দু’জন নিহত হন। এছাড়া গুরুতর আহত হন আরও পাঁচজন। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান তিনি। দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত যানবাহন সড়ক থেকে সরিয়ে নিয়ে রাতেই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসচাপায় নারী ও শিশুসহ দুই পরিবারের ছয়জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়।

এইচআর