পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের সৈয়দেরগাঁও গ্রামের মৃত. হেলাল উদ্দীন মোল্লার ছোট ছেলে আওলাদ হোসেন মোল্লা (৫০) ও বড় ছেলে আহসান উল্লাহ মোল্লার জমিজমা সংক্রান্ত বিষয়ে বিরোধ ছিল দীর্ঘদিনের। বিরোধের জেরে গত বছরের ৯ই নভেম্বর ছোট ভাই আওলাদের বল্লমের আঘাতে বড় ভাই আহসান উল্লাহ গুরুতর আহত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
ঘটনার পর থেকেই আওলাদ পলাতক ছিলেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বিলকিস বাদী হয়ে মনোহরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মনোহরদী থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম ভূঁইয়া বলেন, হত্যা মামলার পলাতক আসামিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় ১২ ফেব্রুয়ারি রাতে তাবলীগ জামাতে সফররত অবস্থায় নড়াইল সদর উপজেলার সীমাখালি এলাকার একটি মসজিদ থেকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এনএইচ





