বুধবার (৮ জানুয়ারি) দুপুরের দিকে এই হামলার ঘটনা ঘটে। তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি জানিয়েছে, সোনারগাঁও অফিসের একজন কর্মচারী, বিচ্ছিন্নকারী টিমের ২ জন শ্রমিক ও কয়েকজন পুলিশও আহত হয়েছেন।

তিতাস গ্যাস জানিয়েছে, মৈষটেক এলাকায় প্রায় ১ কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে আনুমানিক ২০০টি বাড়ির ২০০টি আবাসিক চুলা বিচ্ছিন্ন করা হয়। এছাড়া, এই অভিযানে প্রায় ১০০ ফুট এমএস ও ১৫০ ফুট পিভিসি পাইপ উচ্ছেদ করা হয়। মৈষটেক এলাকায় অভিযান শেষে মিরেরটেক বাজার সংলগ্ন ২ ইঞ্চি ডায়ার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে একটি সঙ্ঘবদ্ধ চক্র অতর্কিতভাবে হামলা করে।

নিয়মিত অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে মৈষটেক এবং মিরেরটেক, সোনারগাঁও, নারায়ণগঞ্জ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজের অধীনে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান সাঁড়াশি ভাবে চলছে। প্রতিদিন বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।

গত সেপ্টেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত অভিযান চালিয়ে ১৪৫টি শিল্প, ৮৬টি বাণিজ্যিক ও ১৬ হাজার ৫৯৬টি আবাসিকসহ মোট ১৬ হাজার ৮২৭টি অবৈধ গ্যাস সংযোগ ও ৪০ হাজার ৯১৬টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। এর ফলে দৈনিক ১ কোটি ১১ লাখ ১৩ হাজার ২৫৩ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে, যার মূল্য প্রায় ৫১ দশমিক ৬৫ লক্ষ টাকা। এছাড়া, ৮৬ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে বলে তিতাস গ্যাস জানিয়েছে।

তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ জানিয়েছেন, হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি বলেন, ‘যতো বাঁধা আসুক, অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান বন্ধ হবে না। অভিযান আরও জোরদার করা হবে এবং ওই এলাকায় বাড়তি ফোর্স নিয়ে অভিযান চালানো হবে।’

এইচআর