logo
Search

সারাদেশ

থানার কাছে যুবককে গুলি করে হত্যা, টহল পুলিশের ধাওয়া

খুলনা শহরে দৌলতপুর থানার কাছে দিনেদুপুরে জলিল মুন্সি (৩৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ ধাওয়া দিয়েও মোটরসাইকেলে আসা খুনিদের ধরতে পারেনি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

টাইমনিউজবিডি ডেস্ক

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মহানগরীর দৌলতপুর থানাধীন কুলিবাগান মোড়ে এ ঘটনা ঘটে।থানা থেকে ঘটনাস্থলের দূরত্ব দুই থেকে ৩০০ মিটারের মতো।

নিহত জলিল মুন্সি কুলিবাগান এলাকার বাসিন্দা দিল মুন্সির ছেলে। তিনি নগরীর ইস্পাহানী জুট প্রেসের শ্রমিক ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে মোটরসাইকেলে করে তিন ব্যক্তি কুলিবাগান মোড়ে এসে জলিল মুন্সিকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়েন। এতে তার বুক ও পিঠে গুলি লাগে। গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এলে খুনিরা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এ সময় পুলিশের একটি টহল দল তাদের ধাওয়া করলেও তাদের ধরতে পারেনি।

পরে স্থানীয়রা গুলিবিদ্ধ জলিল মুন্সিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘মোটরসাইকেলে করে আসা তিনজন সন্ত্রাসী জলিল মুন্সিকে লক্ষ্য করে পরপর দুটি গুলি করে। পুলিশের টহল টিম তাদের ধাওয়া করলেও তারা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় জলিলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসংক্রান্ত লেনদেনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

এনএইচ